ইউনাইটেডের ‘টার্গেট’ আমোরি বললেন, ‘এখনও কোনো সিদ্ধান্ত হয়নি’
অবশ্য খুব শিগগিরই এই বিষয়ে চূড়ান্ত খবর আসতে পারে।
এরিক টেন হাগকে বিদায় করার ২৪ ঘণ্টার মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন প্রধান কোচ কে হতে যাচ্ছেন, তা নিয়ে খবর আসতে শুরু করেছে। স্পোর্তিং লিসবনের কোচ রুবেন আমোরিকে পেতে ইতোমধ্যে নাকি জোর চেষ্টা শুরু করেছে ইউনাইটেড। এই পর্তুগিজ কোচ নিজেও সেটা অস্বীকার করেননি। তবে এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তিনি।
গত মৌসুমের ব্যর্থ পথচলার পর এবারও সেই একই ধারায় চলছে ইউনাইটেড। সবশেষ গত রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে লিগ ম্যাচে ২-১ গোলে হারের পরদিন টেন হাগকে ছাঁটাই করার সিদ্ধান্ত জানায় ক্লাবটি।
নতুন প্রধান কোচ নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রুড ফন নিস্টলরয়। তবে মাঝের সময়টা হয়তো বেশি হবে না। কারণ, মঙ্গলবারই আসতে শুরু করে আমোরির প্রতি ইউনাইটেডের আগ্রহের খবর।
ওইদিনই পর্তুগিজ ক্লাব স্পোর্তিং নিশ্চিত করে জানায় যে, আমোরিকে পেতে তাদের সঙ্গে যোগাযোগ করেছে ইউনাইটেড। এজন্য ৩৯ বছর বয়সী এই কোচের রিলিজ ক্লজ হিসেবে এক কোটি ইউরো দিতেও রাজি ইংলিশ ক্লাবটি।
পর্তুগিজ লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে মঙ্গলবার নাসিওনালের বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর, ‘ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার’ সম্ভাবনা প্রসঙ্গে স্পোর্ত টিভিকে আমোরি বলেন, “এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আমি জানি না, এখানে এটাই আমার বিদায়ী ম্যাচ কি-না।”
এরপর সংবাদ সম্মেলনে বিষয়টি আরও খোলাসা করেন আমোরি।
“ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহ আছে, চুক্তিতে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের বিষয় আছে এবং এ বিষয়ে যখন আরও বিস্তারিত জানতে পারব, তখন আমি নিজেই এখানে এসে আমার অবস্থান জানাব। কারণ এটা হবে আমার সিদ্ধান্ত।”
“এই পক্ষে হোক বা ওই পক্ষের, যেহেতু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আমার জানা নেই, তাই আমি বেশি কিছু বলতে পারছি না।”
আগামী শুক্রবার লিগে পরের ম্যাচে মাঠে নামবে স্পোর্তিং। এজন্য বুধবার তিনি দলের অনুশীলনে থাকবেন বলেও নিশ্চিত করেন আমোরি।
আগামী রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠে চেলসির মুখোমুখি হবে ইউনাইটেড। ওই ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে ডাগআউটে তিনি থাকবেন কিনা, এমন প্রশ্নের উত্তরে আমোরি বলেন, “আমি এখানে থাকব।” আবার একটু জোর দিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি জানি না।”
