১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এমবাপের সমালোচনায় বার্সেলোনা প্রেসিডেন্ট লাপোর্তা

রানার্সআপ দলের মেডেল নিয়েই সতীর্থদের লকার রুমে যাওয়ার জন‍্য তাড়া দিয়েছিলেন রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

এমবাপের সমালোচনায় বার্সেলোনা প্রেসিডেন্ট লাপোর্তা
রানার্সআপের মেডেল পরে কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2026, 04:25 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

হাঁটুর চোটের সঙ্গে লড়াইয়ে জিতে দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও তেমন কিছু করতে পারেননি কিলিয়ান এমবাপে। তবে ম‍্যাচ শেষে তিনি আছেন আলোচনা-সমালোচনার কেন্দ্রে। রানার্স-আপ দলের মেডেল নিয়েই সতীর্থদের লকার রুমে যাওয়ার জন‍্য রেয়াল মাদ্রিদ সতীর্থদের তাড়া দেন তিনি। যা মোটেও ভালোভাবে নেয়নি বার্সেলোনা। 

জেদ্দায় রোববার স্প‍্যানিশ সুপার কাপের ফাইনালে ৩-২ গোলে হারে রেয়াল। 

রানার্সআপ মেডেল নেওয়ার সময় তাদের গার্ড অব অনার দেয় চ‍্যাম্পিয়ন বার্সেলোনা। এমবাপেরা একে একে সবাই মেডেল নেন। 

এরপর পালা আসে বার্সেলোনার। তাদের গার্ড অব অনার দেয়নি রেয়াল। এমনকি মেডেল নেওয়া পর্যন্ত দলটির বেশিরভাগ খেলোয়াড় দাঁড়ায়ওনি। অন্তত তিনবার সতীর্থদের লকার রুমে যেতে এমবাপে তাড়া দেন বলে খবর এসেছে স্প‍্যানিশ গণমাধ‍্যমগুলোতে। 

এ নিয়ে মুখ খুলেছেন বার্সেলোনা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা। আরএসি-ওয়ানকে বলেছেন, এই আচরণ তাদের একদমই ভালো লাগেনি।

“তার কাজ দেখে আমি বিস্মিত। জয় কিংবা পরাজয়ে আপনাকে উদার এবং শ্রদ্ধাশীল থাকতে হবে। এটা একটা খেলা এবং এখানে আপনার স্বাভাবিক আচরণ করতে হবে।”

“আমার মনে হয়, নিজেদের জয়ে আমরা উদার এবং প্রতিপক্ষ দলের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। যে কারণে আমি ব‍্যাপারটা বুঝতে পারছি না।”

গত অক্টোবরে মৌসুমের প্রথম ক্লাসিকোয় জেতে রেয়াল। ম‍্যাচ শেষে সান্তিগো বের্নাবেউয়ে দুই দলের খেলোয়াড়দের মধ‍্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। তার রেশ থেকে যেতে পারে বলে মনে করেন লাপোর্তা। 

“লিগ ম‍্যাচে ভিন্ন মনোভাব ছিল। সে সময় খেলোয়াড়রা উত্তেজিত ছিল। এটা বোধগম‍্য। সত‍্যি বলতে, আমি মাঠে এমবাপের কাণ্ড দেখিনি। তবে ধারণা করতে পারছি, অবশ‍্যই এটা খুব কঠিন একটা সময়। অবশ‍্যই তারা খুবই বিপর্যস্ত, যে কারণে এমন প্রতিক্রিয়া দেখিয়েছে।”