সহকারী কোচ হওয়ার প্রস্তাব না মানায় চাকরি হারালেন মেক্সিকোর কোচ
কোপা আমেরিকায় ব্যর্থতার পর মেক্সিকোর প্রধান কোচকে প্রস্তাব দেওয়া হয়েছিল দুই বছরের জন্য সহকারী কোচ হওয়ার।
কোপা আমেরিকায় মেক্সিকোর ব্যর্থতার পর কোচিং স্টাফে থেকে যাওয়ার সুযোগ পেয়েছিলেন হাইমে লোসানো। তবে সহকারী কোচ হিসেবে অভিজ্ঞতা অর্জনের সেই প্রস্তাবে রাজি হননি তিনি। শেষ পর্যন্ত তাকে বরখাস্তই করল মেক্সিকোর ফুটবল ফেডারেশন (এফএমএফ)।
কোপা আমেরিকায় এবার বি’ গ্রুপে জ্যামাইকার বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও পরে ভেনেজুয়েলার কাছে হেরে ও একুয়েডরের সঙ্গে ড্র করে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে মেক্সিকো।
ভবিষ্যৎ ভাবনায় তবু লোসানোকে ভিন্ন ভূমিকায় কোচিং স্টাফে থেকে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ৪৫ বছর বয়সী কোচ সেটি গ্রহণ করেননি বলে বিবৃতিতে জানায় এফএমএফ।
“কোপা আমেরিকার পর দলের ভুল ও সাফল্য নিয়ে বিশ্লেষণ শুরু করে এফএমএফ এবং এই প্রক্রিয়ায় উন্নতির জায়গাগুলোর মূল্যায়ন করা হয়। হাইমে লোসানোকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত থেকে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, এর মধ্যে ২০২৪-২০২৬ সময়কালে সহকারী কোচ হিসেবে থেকে আরও অভিজ্ঞ কোনো কোচকে সহায়তা করবেন।”
“কিন্তু লোসানো আমাদেরকে জানিয়েছেন যে, তিনি চালিয়ে যেতে চান না। আমরা তার সিদ্ধান্তকে সম্মান করছি, তার পেশাদারিত্ব, সামর্থ্য ও নিবেদনের প্রশংসা করছি।”
মেক্সিকোর প্রধান কোচের দায়িত্বে এক বছর ছিলেন লোসানো। সাবেক এই মিডফিল্ডারের কোচিংয়ে গত বছর গোল্ড কাপ জয় করে দলটি, এই বছরের শুরু কনক্যাকাফ নেশন্স লিগে হয় রানার্স আপ।
সব মিলিয়ে তার কোচিংয়ে ২১ ম্যাচে মেক্সিকোর জয় ১০টি, হার ৭টি।
মেক্সিকোর সংবাদমাধ্যমের খবর, পুরোনো এক কোচের কাঁধেই পড়তে যাচ্ছে দায়িত্ব। তৃতীয় দফায় কোচ হয়ে ফিরছেন হাবিয়ের আগিরে। তার কোচিংয়ে ২০০২ ও ২০১০ বিশ্বকাপে খেলেছিল মেক্সিকো। ৬৫ বছর বয়সীকোচ সবশেষ ছিলেন রেয়াল মায়োর্কার দায়িত্বে। তার কোচিংয়ে এবার কোপা দেল রের ফাইনালে খেলে মায়োর্কা। গত মে মাসে জানানো হয়, তিনি আর মার্য়োকার দায়িত্বে থাকছেন না।
