২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার ফুটবলারদের ‘বর্ণবাদী’ গানের তদন্ত করছে ফিফা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি খতিয়ে দেখছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2024, 10:56 PM

Updated : 26 Aug 2026, 10:02 AM

ফ্রান্সের ফুটবলারদের নিয়ে আর্জেন্টিনার খেলোয়াড়দের ‘বর্ণবাদী ও বৈষম্যমূলক’ গানের ভিডিও নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গত রোববার কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। ফাইনাল শেষে উদযাপনের এক পর্যায়ে আর্জেন্টাইন ফুটবলাররা গান গাইতে শুরু করে। যেখানে লক্ষ‍্যবস্তু হয়ে ওঠে ফ্রান্স দল।

যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফের্নান্দেস। এক্স ও ইনস্টাগ্রামে দ্রুত সেই ভিডিও ছড়িয়ে পড়ে। যা নিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করবে বলে গত সোমবারই জানায় ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। 

বিতর্কিত সেই ভিডিও নিয়ে এবার ফিফার এক মুখপাত্র জানিয়েছেন তাদের পদক্ষেপের কথা।

“সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সম্পর্কে অবগত রয়েছে ফিফা এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ফিফা খেলোয়াড়, ভক্ত এবং কর্মকর্তাসহ যে কারও দ্বারা যেকোনো ধরণের বৈষম্যের তীব্র নিন্দা জানায়।” 

এনসো ফের্নান্দেসের ওই ভিডিওতে দেখা যায়, ফ্রান্স দলের আফ্রিকান বংশোদ্ভূত ফুটবলারদের দিকে বাজে ইঙ্গিত করে গান গাইছেন আর্জেন্টাইন ফুটবলাররা। আফ্রিকান বিভিন্ন দেশ থেকে এসে তারা ফ্রান্সের পাসপোর্ট নিচ্ছে, এরকম ছিল গানের কথা। ফ্রান্সের অধিনায়ক ও সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপের দিকে কুৎসিত ইঙ্গিতও ছিল সেই গানে।

সেই ভিডিওর নিচে এনসো ফের্নান্দেসের চেলসি সতীর্থ ও ফ্রান্সের ডিফেন্ডার ভেসলে ফোফানা মন্তব্য করেন, ‘২০২৪ সালের ফুটবল: অকুণ্ঠ বর্ণবাদ।’

এই ভিডিও নিয়ে তুমুল তোলপাড় ওঠার পর তা সরিয়ে ফেলে ক্ষমা চান এনসো ফের্নান্দেস।

“প্রচণ্ড অপমানজনক ভাষায় ছিল ওই গানে এবং ওসব কথার জন্য কোনা অজুহাত চলে না। আমি সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে এবং আমাদের উদযাপনের উন্মাদনায় পড়ে ওরকম করে ফেলার জন্য ক্ষমা প্রার্থনা করছি।”

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি বুধবার বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়ে বিবৃতি দেয়।

“চেলসি ফুটবল ক্লাব সব ধরনের বৈষম্যমূলক আচরণকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে মনে করে। আমরা একটি বৈচিত্র্যময়, অন্তর্ভুক্তিমূলক ক্লাব হতে পেরে গর্বিত যেখানে সমস্ত সংস্কৃতি, সম্প্রদায় এবং পরিচয়ের লোকেরা স্বাগত বোধ করে।”

২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন ফ্রান্সের ফরোয়ার্ড এমবাপে এবং জাতীয় দলে আফ্রিকান বংশোদ্ভূত অন্যান্য খেলোয়াড়রা।