‘আর্সেনাল এখনও শীর্ষে’, দলকে সিটি কোচের সতর্কবার্তা
আর্সেনালকে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে হারিয়ে পেপ গুয়ার্দিওলা বলেছেন, এখনও অনেক পথ পাড়ি দিতে হবে তাদের।
‘শিরোপা নির্ধারক’ ম্যাচে আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ পুনরুদ্ধারের সম্ভাবনা আরেকটু জোরাল করেছে ম্যানচেস্টার সিটি। তবে এই জয়ের আনন্দে ভেসে যেতে নারাজ পেপ গুয়ার্দিওলা। দলকে সতর্ক করে দিয়ে সিটি কোচ বলেছেন, এখনও অনেক পথ পাড়ি দিতে হবে তাদের।
ঘরের মাঠে রোববার মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে আর্সেনালকে ২-১ গোলে হারায় সিটি। তাতে মিকেল আর্তেতার দলের সঙ্গে পয়েন্টের ব্যবধান তিনে নামিয়ে আনে তারা। বার্নলির বিপক্ষে বুধবারের ম্যাচটি জিতলে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট স্পর্শ করবে গুয়ার্দিওলার দল।
গত মাসেও আর্সেনালের চেয়ে ১০ পয়েন্ট পেছনে ছিল সিটি। নাটকীয় পালাবদলে পথ ধরে এখন তারা শীর্ষে ওঠার অপেক্ষায়। ৩৩ ম্যাচ খেলে আর্সেনালের পয়েন্ট ৭০, এক ম্যাচ কম খেলে সিটির পয়েন্ট ৬৭। গোলপার্থক্যে এখন একটি গোল এগিয়ে আর্সেনাল, তবে সেটি তো ঘুচে যেতে পারে যে কোনো সময়ই।
তবে এখনও যে আর্সেনালই চূড়ায় ম্যাচ শেষে সে কথা মনে করিয়ে দিয়েছেন গুয়ার্দিওলা।
“লিগে শীর্ষে এখন কারা? আমরা নই। গোল ব্যবধানেও তারা এগিয়ে। ধাপে ধাপে এগোতে হবে। তবে অবশ্যই আমাদের আশা আছে এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।”
আর্সেনালের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটিতে দলের পারফরম্যান্সে ভীষণ খুশি গুয়ার্দিওলা। বললেন, হারলেও খুব বেশি খারাপ লাগত না তার।
“ইংল্যান্ডের দুই সেরা দল, আমার মনে হয় বিশ্বজুড়ে ফুটবলারের একটা বিজ্ঞাপন হয়ে রইল এই লড়াই। ম্যান-মার্কিং, আক্রমণ, গতিময় ফুটবল- সব মিলিয়ে এই ম্যাচ নিয়ে বলার কিছু নেই।”
“ম্যাচ ড্র হলে কিংবা আমরা হেরে গেলেও সন্তুষ্ট থাকতাম। আমার দলের মধ্যে যা দেখি, কি বলব তাদের নিয়ে? আমি ব্যাখ্যা করতে পারব না। তাদের শীর্ষমান দেখে আমি গর্বিত।”
