২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেড থেকে বিদায়ের কষ্ট ভুলতে পারছেন না ফন নিস্টলরয়

লেস্টার সিটির প্রধান কোচের দায়িত্ব নিলেও রুড ফন নিষ্টলরয়ের হৃদয় এখনও পোড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সহকারী কোচ থাকতে না পেরে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2024, 01:18 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

নতুন চ্যালেঞ্জ নিয়ে কোচিং ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেছেন রুড ফন নিস্টলরয়। কিন্তু পুরোনো হতাশার আগুন এখনও পোড়ায় তাকে। হৃদয়ের ক্ষত তার সারেনি পুরোপুরি। ম্যানচেস্টার ইউনাইটেডে সহকারী কোচ হয়ে থাকতে চেয়েও থাকতে পারেননি, এটা হাহাকার জাগায় তার ভেতরটায়। 

খেলোয়াড়ি জীবনের গৌরবময় পাঁচ বছর যে ক্লাবের জার্সিতে মাঠ মাতিয়েছেন ফন নিস্টলরয়, সেই ক্লাবে ফেরেন তিনি গত জুলাইয়ে। প্রধান কোচ এরিক টেন হাগের কোচিং স্টাফে যোগ দেন তিনি। অক্টোবরে টেন হাগকে বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় ফন নিস্টলরয়কে। তার কোচিংয়ে চার ম্যাচের তিনটিতে জেতে ইউনাইটেড, ড্র করে বাকি ম্যাচটি।

ইউনাইটেড ততদিনে নতুন প্রধান কোচ হিসেবে হুবেন আমুরির নাম ঘোষণা করে। পর্তুগিজ এই কোচ আসার পর পুরো কোচিং স্টাফ বদলে যায়। ফন নিস্টলরয়কেও ছেড়ে যেতে হয় প্রিয় আঙিনা। 

নতুন দায়িত্বও দ্রুতই পেয়ে যান তিনি। লেস্টার সিটির প্রধান কোচ হিসেবে তার আনুষ্ঠানিক পথচলা শুরু হবে মঙ্গলবার প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে। 

নতুন শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে পুরোনো যন্ত্রণার কথা অকপটেই স্বীকার করলেন ফন নিস্টলরয়। 

“আমি হতাশ হয়েছিলাম.. হ্যাঁ, প্রচণ্ডরকমের… এটা আমাকে খুবই কষ্ট দেয় যে ক্লাব ছাড়তে হয়েছে।”

আমুরিকে নতুন কোচ হিসেবে চূড়ান্ত করার পর ফন নিস্টলরয় প্রকাশ্যেই বারবার বলেছিলেন, যে কোনো ভূমিকায় তিনি ইউনাইটেডে থেকে যেতে চান। তারপরও প্রিয় আঙিনায় থাকতে না পেরে তার খারাপ লেগেছে বেশি। তবে বিদায়ের কারণও তিনি অনুধাবন করতে পারেন ভালোভাবেই। 

“সহকারী কোচ হিসেবে একমাত্র ইউনাটেডেই থাকতাম আমি, কারণ এই ক্লাবের মানুষগুলি ও সমর্থকদের সঙ্গে যে বন্ধন আমার আছে। তবে শেষ পর্যন্ত ব্যাপারটি বুঝতে পেরেছি, কারণ নতুন ম্যানেজারের ভাবনা আমি বুঝি।”

“হুবেন আমুরির সঙ্গে এটা নিয়ে কথা হয়েছে আমরা। দুজন মানুষের মধ্যে, দুজন ম্যানেজারের মধ্যে খুবই কৃতজ্ঞচিত্তে আলোচনা হয়েছে এবং সেটা আমাকে সহায়তা করেছে সামনে তাকাতে ও সরাসরি নতুন সম্ভাবনার দুয়ার খুঁজতে, যা আমাকে উজ্জীবিত করেছে।”

কোচ হিসেবে তার অপেক্ষায় এখন কঠিন পরীক্ষা। তার নতুন ক্লাব লেস্টার সিটি এই মৌসুমে এখনও পর্যন্ত একদম অনুজ্জ্বল। ১৩ ম্যাচে স্রেফ ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তাদের অবস্থায় ষোড়শ। 

তবে ফন নিস্টলরয় জানিয়ে দিলেন, ভড়কে যাওয়ার লোক তিনি নন। 

“লোকে বলে থাকে রেয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডে আমার খেলার কথা। তবে পেশাদার ফুটবলে প্রথম তিন মৌসুমে আমি ডাচ ফুটবলে খেলেছি দেম বোস ফুটবল ক্লাবে। কাজেই খুব ভালো করেই জানি, কীভাবে লড়াই করতে হয়।”