২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চ্যাম্পিয়ন হতেই এসেছি’, ভারত ম্যাচ সামনে রেখে বললেন মারুফুল

ভারতের বিপক্ষে সেমি-ফাইনালের লড়াইয়ে নামার আগে নেপালের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচের ভুলগুলো শুধরে নিতে চায় বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2024, 05:33 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

শ্রীলঙ্কার বিপক্ষে জিতে দারুণ শুরুর পর নেপালের বিপক্ষে হোঁচট খায় বাংলাদেশ। ওই হারে গ্রুপ সেরা হওয়ার সুযোগও নষ্ট হয়। সেমি-ফাইনালে প্রতিপক্ষ দাঁড়ায় ভারত। তবে তাতে কোনো দুর্ভাবনা নয়; বরং সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাধারীদের বিপক্ষে লড়াই সামনে রেখে বাংলাদেশ কোচ মারুফুল হক যে বার্তা দিলেন, সেখানে শিরোপা নিয়ে ঘরে ফেরার তীব্র তাড়না স্পষ্ট।

নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে সোমবার দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরুর পর নেপালের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয় বাংলাদেশ। অন্যদিকে ভুটান ও মালদ্বীপকে একই ব্যবধানে (১-০) হারিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয় ভারত।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতা এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ –এই তিন ক্যাটাগরিতে হয়েছে। ২০২২ সালে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে ভারতের বিপক্ষে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।

পাঁচ দল নিয়ে হওয়া ওই আসরে ফাইনালের আগে হয়েছিল রাউন্ড রবিন লিগ। সেখানে ভারতের বিপক্ষে ২-১ গোলে হারের পর অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে বাংলাদেশ হেরেছিল ৫-২ ব্যবধানে।

এবার সেমি-ফাইনালে ভারতকে এড়ানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু নেপালের বিপক্ষে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের অভাবনীয় ভুলে পিছিয়ে পড়ার পর শেষ পর্যন্ত দল হেরে যায় ২-১ গোলে। ওই ভুল আর মনে রাখতে চাইছেন না মারুফুল। ভারতকে শক্তিশালী মানলেও নিজের দলের প্রতিও তার আস্থা প্রবল।

“নেপাল আসার আগেই আমরা বলেছিলাম, ফাইনাল খেলতে এসেছি, চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারিনি। নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আমি বলব একটা দুর্ঘটনার কারণে গোল খেয়েছি। আশা করি, ছেলেরা এটা কাটিয়ে উঠতে পারবে।”

“সেমি-ফাইনাল যেহেতু ভারতের বিপক্ষে, তারা বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ। তবে ছেলেদের যে মনোযোগ এবং শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর যে মানসিকতা আমরা দেখেছি, একই মানসিকতা নিয়ে ভারতের বিপক্ষে খেলতে পারলে আশা করি আমরা ফাইনালে উঠতে পারব।”

ফরোয়ার্ড মইনুল ইসলাম মইনের কণ্ঠেও আত্মবিশ্বাসের স্ফুরণ। নেপাল ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে ভারতের বিপক্ষে শতভাগ নিংড়ে দিতে দারুণ প্রত্যয়ী তারা।

“ভালো অনুশীলন হয়েছে। গতকাল রিকভারির পর আজ আমরা হার্ড ট্রেনিং করেছি। কোচ আমাদের যে নির্দেশনা দিচ্ছেন, অনুশীলনে সেটা অনুসরণ করছি। আশা করি, (ভারতের বিপক্ষে) যারাই খেলবে, শতভাগ দিবে।”

“শেষ ম্যাচে (নেপালের বিপক্ষে) হেরেছি। ওই ম্যাচের ভুল-ত্রুটিগুলো আমরা সংশোধন করে নিব। তিন দিন সময় পেয়েছি। এটা সেমি-ফাইনাল, নকআউট পর্ব, ভালোভাবেই খেলব, যাতে ম্যাচ হারতে না হয়।”