২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনায়াস জয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরুর পর সাবালেঙ্কা বললেন, ‘আপন ঘর মনে হচ্ছে’

সরাসরি সেটে জিতে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে শুভসূচনা করেছেন এখানে গত দুবারের জয়ী আরিনা সাবালেঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2025, 08:20 PM

Updated : 26 Aug 2026, 11:34 AM

ম্যাচ শেষের পর সঞ্চালকের কথায় কোর্টে নাচলেন আরিনা সাবালেঙ্কা। দর্শকরা তা উপভোগ করলেন করতালি দিয়ে। বোঝাই যাচ্ছে, অস্ট্রেলিয়ান ওপেন বেলারুশের তারকা নিজেও কতটা উপভোগ করেন। প্রিয় কোর্টে সহজ জয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করলেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড়।

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় রোববার নারী এককের প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের স্লোয়ান স্টিভেন্সকে ৬-৩, ৬-২ গেমে হারান এখানে গত দুবারের জয়ী সাবালেঙ্কা।

১৯৯৯ সালে মার্টিনা হিঙ্গিসের পর প্রথম এবং সব মিলিয়ে সপ্তম নারী খেলোয়াড় হিসেবে টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের হাতছানিতে শুরুটা দারুণ হলো ২৬ বছর বয়সী তারকার।

২০২৩ সালে এখানেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পান সাবালেঙ্কা। পরের বছর ধরে রাখেন শিরোপা। একই বছরে ইউএস ওপেন দিয়ে ক্যারিয়ারে তৃতীয় মেজর জেতেন তিনি।

টুর্নামেন্ট শুরুর আগে নিজ দলের সদস্যদের নিয়ে নাচের একটি ভিডিও টিকটকে পোস্ট করেন তিনি। ম্যাচ শেষে সাক্ষাৎকারে সেটিই তাকে মনে করিয়ে দেন সঞ্চালক। প্রস্তাব দেন দর্শকদের সামনে একইভাবে নেচে দেখানোর। সাবালেঙ্কাও রাজি হয়ে যান তাতে।  

২০২৩ সালের শুরু থেকে হার্ড-কোর্ট স্ল্যামে (অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন) ২৯ ম্যাচের মধ্যে ২৮টিই জিতলেন সাবালেঙ্কা। এর মধ্যে অস্ট্রেলিয়ান ওপেনে জিতলেন টানা ১৫ ম্যাচ। মেলবোর্ন পার্কে টানা ১৭ সেট জয়ের স্বাদও পেলেন তিনি।

ফেভারিট হিসেবে চলতি আসর জয় দিয়ে শুরুর পর সাবালেঙ্কা বললেন, অস্ট্রেলিয়ান ওপেনকে ভীষণ আপন মনে হচ্ছে তার।  

“এখানে ফিরে আসতে পেরে আমি খুব খুশি। এই জায়গাটি খুব ভালোবাসি এবং আমাদের দর্শকে পূর্ণ স্টেডিয়াম আছে, এর চেয়ে বেশি স্বপ্ন দেখতে পারি না আমি।”

“মনে হয় না আজ আমার সেরাটা খেলেছি। তবে আমি খুশি যে, সরাসরি সেটে শেষ করতে পেরেছি। অবশ্যই এখানে বাড়িতে থাকার মতো অনুভব করছি।”