১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের টানে ঋণে না জড়াতে স্কটল্যান্ডের সমর্থকদের অনুরোধ ক্লার্কের

১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইউরোপের দেশ স্কটল্যান্ড।

বিশ্বকাপের টানে ঋণে না জড়াতে স্কটল্যান্ডের সমর্থকদের অনুরোধ ক্লার্কের
স্কটল্যান্ড কোচ স্টিভ ক্লার্ক। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2025, 06:31 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে যাবে দল। দেশের নায়কদের ফুটবলের লড়াই দেখতে অধীর আগ্রহে দিন গুনছে স্কটল্যান্ডের মানুষ। তাদের অনেকে আবার গ্যালারিতে বসে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চান। আর এক্ষেত্রে দেশের মানুষদের কঠিন বাস্তবতা মনে করিয়ে দিলেন স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্ক। ভ্রমণ ও টিকেটের ব্যয় মেটাতে গিয়ে যেন ঋণের বোঝা চেপে না বসে, সতর্ক করলেন তিনি।

আগামী জুন-জুলাইয়ে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় মাঠে গড়াবে ৪৮ দলের বিশ্বকাপ। স্কটল্যান্ড পড়েছে ‘সি’ গ্রুপে; যেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিল, মরক্কো ও হাইতি। 

সবশেষ ১৯৯৮ সালে বিশ্বকাপ খেলা স্কটিশদের গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বিশ্বকাপ দেখতে যাওয়া যে খু্বই ব্যয়বহুল হবে, সেটাই স্মরণ করিয়ে দিয়েছেন ক্লার্ক। তার মতে, আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে সাধারণ ছুটিতে যেতেও দীর্ঘদিন সঞ্চয় করতে হয়। সেখানে বিশ্বকাপের মতো টুর্নামেন্টের সময় ভ্রমণ, থাকা-খাওয়া ও টিকেটের খরচ অনেক বেশি হবে।

সোমবার স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপকালে দেশের মানুষকে সেটাই মনে করিয়ে দিয়েছেন ক্লার্ক।

“দেখুন, যুক্তরাষ্ট্রে যাওয়া এমনিতেই ব্যয়বহুল। এমনকি দেশটিতে ছুটি কাটাতে যাওয়ার জন্যও সঞ্চয় করতে হয়, আরও সঞ্চয় করতে হয় এবং আটলান্টিক পাড়ি দিয়ে সেখানে সময় কাটাতে আরও বেশি সঞ্চয় করতে হয়।”

“তাই এটা শুরু থেকেই ব্যয়বহুল একটি বিশ্বকাপ হতে যাচ্ছে। টিকেটের দাম ফিফাই নির্ধারণ করে। আমার বড় চাওয়া, মানুষ যেন সেখানে যাওয়ার জন্য অতিরিক্ত ঋণের বোঝার নিচে না পড়ে। যদি যাওয়ার সামর্থ্য থাকে তাহলে দারুণ। আর যদি সামর্থ্য না থাকে, তাহলে মেনে নিন।”

এবারের বিশ্বকাপে ম্যাচ টিকেটের মূল্যও পূর্বের সব আসরের চেয়ে অনেক বেশি। টিকেটের চড়া মূল্য নিয়ে ইতোমধ্যে সমালোচনায়ও পড়েছে ফিফা। 

ইউরোপের ফুটবল সমর্থকদের সংগঠন ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’ (এফএসই)-এর দাবি, ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় এবার টিকেটের দাম বেড়েছে প্রায় পাঁচ গুণ। তাছাড়া ফিফা যে টিকেটের মূল্য দিয়েছে, তার চেয়ে আসরে অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় ফুটবল সংস্থার মাধ্যমে ছাড়া টিকেটের মূল্য অনেকটা বেশি।

এই সবকিছু বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্রে খেলা দেখতে যেতে আগ্রহী সমর্থকদের আবারও ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলেছেন ক্লার্ক।

“নিজেকে বা নিজের পরিবারকে ঋণের মধ্যে ফেলবেন না। আমরা যে তুলনামূলক কম সংখ্যক টিকিট পেয়েছি, এরপরও আমি আশা করি অনেক সমর্থক বিভিন্ন ভেন্যুতে যাবেন। আমি দূরবর্তী জায়গাগুলোয় যাওয়ার ব্যাপারেও বলছি, তবে সেখানে হয়তো মাত্র ১,২০০ জন সমর্থকই উপস্থিত থাকবে।”