বেনফিকার মাঠে এবার জিততে ৫-৪ জয়ের চেয়ে উন্নতি চান ফ্লিক
প্রতিপক্ষের মাঠে রক্ষণের পাশাপাশি আক্রমণভাগেও দলকে ভালো করার তাগিদ দিলেন বার্সেলোনা কোচ।
নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বে সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচগুলোর একটি উপহার দিয়েছে বার্সেলোনা ও বেনফিকা। নাটকীয়তায় ঠাসা ৯ গোলের রুদ্ধশ্বাস ওই লড়াইয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পায় স্প্যানিশ জায়ান্টরা। নকআউট পর্বে একই মাঠে আবার মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। এবারও সেখানে কাজটা অনেক কঠিন হবে বলে মনে করেন হান্সি ফ্লিক। তাই আগেরবারের চেয়ে দলকে আরও ভালো খেলার তাগিদ দিলেন বার্সেলোনা কোচ।
লিসবনে গত জানুয়ারির ওই ম্যাচে ৩০ মিনিটের মধ্যে ৩-১ ও দ্বিতীয়ার্ধে একটা পর্যায়ে ৪-২ গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে জেতে কাতালান দলটি। ৯৬তম মিনিটে জয়সূচক গোল করেন রাফিনিয়া।
সেখানেই বুধবার শেষ ষোলোর প্রথম লেগে পর্তুগিজ দলটির মুখোমুখি হবে বার্সেলোনা। ফিরতি লেগ হবে তাদের ঘরের মাঠে। সেটা মাথায় রেখেই মঙ্গলবার সংবাদ সম্মেলনে ফ্লিক বললেন, প্রতিপক্ষের মাঠে রক্ষণের পাশাপাশি আক্রমণভাগেও ভালো করতে হবে তাদের।
“আমাদের মনে রাখতে হবে যে, ফিরতি লেগ আছে। আমাদের আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে হবে, এখানে আমরা আগেরবার যা করেছি, তার চেয়ে উন্নতি করতে হবে। আর সেটা শুধু রক্ষণেই নয়।”
“আমরা আমাদের পরিকল্পনায় খেলব। এরপর দেখব কী হয়। আশা করি, আমরা পাল্টা-আক্রমণে আরও ভালো করব এবং প্রথমার্ধ থেকেই তাদের প্রভাব কমাতে পারব। কঠিন এক ম্যাচ হবে এবং আমরা আমাদের পারফরম্যান্সে উন্নতির চেষ্টা করব।”
