ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ
চমৎকার পাসিং ফুটবলে শানানো আক্রমণে ব্রুনো গিমারাইসের গোলটি নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করলেন কার্লো আনচেলত্তি।
শুরুতে এগিয়ে গিয়ে হারাতে হয় লিড। একপর্যায়ে পিছিয়েও পড়তে হয়। সেখান থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা বেশ তৃপ্তি দিচ্ছে কার্লো আনচেলত্তিকে। বিশেষ করে খেলোয়াড়দের দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স মনে ধরেছে ব্রাজিল কোচের।
অস্ট্রেলিয়া সফরে প্রথম প্রীতি ম্যাচে স্বাগতিকদের সঙ্গে শেষ মুহূর্তের গোলে ১-১ ড্র করে ব্রাজিল। পাঁচবারের রেকর্ড বিশ্বকাপ জয়ীরা মঙ্গলবার দ্বিতীয় ম্যাচটি জিতে নেয় ৪-২ গোলে।
ব্রিজবেনের সানকর্প স্টেডিয়ামে ভান্দেরসনের গোলে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। তবে ২৮ ও ৩৩তম মিনিটে দুই গোল করে উল্টো লিড নেয় অস্ট্রেলিয়া।
প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে সমতা ফেরান হাফিনিয়া। আর দ্বিতীয়ার্ধে গিমারাইস ও ভিনিসিউসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি স্বীকার করে নেন যে, প্রথমার্ধে কিছুটা ভুগতে হয়েছে তাদের। তবে দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স, বিশেষ করে চমৎকার পাসিং ফুটবলে শানানো আক্রমণে গিমারাইসের গোলটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ।
“ম্যাচটি ভালো কেটেছে; যদিও আমাদের কিছু সমস্যার মুখে পড়তে হয়েছিল, তবে আমরা ভালো মানের খেলা উপহার দিয়েছি। আমরা ভালো খেলার চেষ্টা করেছি।
“এটা ঠিক যে, ম্যাচে আমাদের কিছুটা ভুগতে হয়েছে। আমরা ভালো শুরু করলেও, পরে খেলার গতি কিছুটা কমে গিয়েছিল। তবে আমার মনে হয় দ্বিতীয়ার্ধে দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। তৃতীয় গোলটি চমৎকার এক কম্বিনেশনের ফসল। আমরা খুশি।”
আগামী শনিবার কলকাতায় ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম ম্যাচ দিয়ে এবারের আন্তর্জাতিক বিরতি শেষ করবে ব্রাজিল। ভারতের দর্শকদের সামনে দলের থেকে ভালো পারফরম্যান্স আশা করছেন আনচেলত্তি। একইসঙ্গে নতুন ও তরুণ খেলোয়াড়দের জন্য একটি বার্তাও দিলেন কোচ।
“সবচেয়ে সেরাটা হলো দলের ভালো খেলা, সুন্দর ফুটবল উপহার দেওয়া এবং নিজেদের সুনির্দিষ্ট পরিকল্পনায় অটল থাকা-পাশাপাশি তরুণ খেলোয়াড়দেরও এগিয়ে নেওয়া। তারা এই মুহূর্তটিকে কাজে লাগাচ্ছে। আমি তাদের কাছে বিষয়টি একদম পরিষ্কার করে দিয়েছি: এটা কোনো পরীক্ষা নয়; তারা এখানে এসেছে এটা প্রমাণ করতে নয় যে, তারা কেমন বা কেমন নয়। তারা খুবই ভালো খেলোয়াড় এবং এই সুযোগটি তাদের কাজে লাগাতে হবে।
“তাদের এই অগ্রগতির ওপর আমরা নজর রাখব। আবারও বলছি, এই তরুণ খেলোয়াড়দের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে এবং পরবর্তী দলে অন্যরাও সুযোগ পাবে।”
