২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

জিদানের কোচিংয়ে খেলা এমবাপের কাছে ‘সিনেমার গল্পের মতো’

যার হাত ধরে কিশোর বয়সে রেয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে গিয়েছিলেন কিলিয়ান এমবাপে, সেই কিংবদন্তি জিনেদিন জিদানের কোচিংয়ে এখন ফ্রান্স জাতীয় দলে খেলতে উন্মুখ এই তারকা।

জিদানের কোচিংয়ে খেলা এমবাপের কাছে ‘সিনেমার গল্পের মতো’

ফ্রান্স জাতীয় দলে একসঙ্গে কাজ করবেন জিনেদিন জিদান (বাঁয়ে) ও কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 10:50 PM

Updated : 21 Sep 2026, 11:25 PM

জিনেদিন জিদানের সঙ্গে কিলিয়ান এমবাপের সম্পর্কটা বেশ পুরনো। এই কিংবদন্তির হাত ধরেই কিশোর বয়সে প্রথমবার রেয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে পা রেখেছিলেন তিনি। এখন তারা একসঙ্গে কাজ করবেন ফ্রান্স জাতীয় দলে। এমবাপে বলছেন, বিষয়টি তার কাছে মনে হচ্ছে যেন কোনো ‘সিনেমার গল্প।’

রেয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পাঁচ বছর পর কোচিংয়ে ফেরা জিদান ও এমবাপে এবারের আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করবেন।

এমবাপে গত সপ্তাহে জিদানকে ‘ফ্রান্স দলের মূর্ত প্রতীক’ হিসেবে উল্লেখ করেন। জিদানের অসাধারণ নৈপুণ্যে ১৯৯৮ সালে ফরাসিরা জিতেছিল তাদের প্রথম বিশ্বকাপ। ২০১৮ সালে দলটির দ্বিতীয় বিশ্বকাপ জয় ও ২০২২ সালে ফাইনালে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এমবাপে বর্তমান প্রজন্মের ফরাসি ফুটবলারদের মধ্যে মূল তারকা।

ফ্রান্সের দায়িত্বে জিদান গত শুক্রবার তার প্রথম দল ঘোষণার দিনে নিশ্চিত করে দেন যে, এমবাপে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন।

স্প্যানিশ পত্রিকা ‘এএস’-এর সঙ্গে আলাপে সোমবার এমবাপে জানান, তার ক্যারিয়ারের শুরুর সময় থেকেই জিদানকে পাশে পেয়েছেন তিনি।

“হ্যাঁ, বহু বছর আগের কথা। তিনিই প্রথম আমাকে রেয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে গিয়েছিলেন। তখন আমার বয়স ছিল ১৩ বা ১৪ বছর- অনেক আগের কথা। আর এখন তিনি আমার জাতীয় দলের কোচ। বিষয়টি যেন কোনো সিনেমার গল্পের মতো। তবে নিঃসন্দেহে তিনি শীর্ষমানের একজন কোচ।”

এবারের বিশ্বকাপ দিয়ে শেষ হয় ফ্রান্সের ডাগআউটে দিদিয়ে দেশোঁর ১৪ বছরের পথচলা। তার উত্তরসূরি হিসেবে গত জুলাইয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের কোচ নিযুক্ত হন জিদান, যার কোচিংয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় রেয়াল মাদ্রিদ।

এখন রেয়াল মাদ্রিদে খেলা ২৭ বছর বয়সি এমবাপের বিশ্বাস, জাতীয় দলে জিদানের কোচিংয়ে সবকিছু ভালোই হবে।

“নতুন কোচের হাত ধরে এটি নতুন অধ্যায়। সবার জন্যই এটি নতুন অভিজ্ঞতা, কারণ এতদিন আমরা কেবল দেশোঁর কোচিংয়েই খেলেছি। আমাদের জন্য এটি একটি পরিবর্তন, তবে আমার বিশ্বাস, সবকিছু খুব ভালোই হবে।”

আগামী শুক্রবার তুরস্কের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ দিয়ে ফ্রান্সের কোচ হিসেবে অভিষেক হবে জিদানের। এরপর দলটি যাবে বেলজিয়াম সফরে এবং অক্টোবরে ইতালি ও বেলজিয়ামের বিপক্ষে ঘরের মাঠে খেলবে।