১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চ্যাম্পিয়ন কিংসের ‘ঘর শূন্য করে’ দল গোছাল মোহামেডান

ঘুরে দাঁড়ানোর অভিযানের প্রথম ধাপটা সাফল্যের সঙ্গে শেষ করল ঐতিহ্যবাহী ক্লাবটি, গড়ল শক্তিশালী স্কোয়াড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2026, 08:55 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

লিগে গত মৌসুমের হতাশা মুছতে এবার দলবদলে শুরু থেকেই আঁটঘাট বেঁধে নামে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বলা যায়, তাতে বাজিমাতও করেছে ক্লাবটি। গতবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে দল গঠন করেছে তারা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে গত আসর একদমই ভালো কাটেনি মোহামেডানের; পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করে তারা। ঘুরে দাঁড়ানোর অভিযানের প্রথম ধাপটা সাফল্যের সঙ্গে শেষ করল ঐতিহ্যবাহী ক্লাবটি।

বসুন্ধরা কিংস ও দেশের আরেক ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড ভুগছে মাঠের বাইরের সমস্যায়। ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে লড়ছে তারা। সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে ফকিরেরপুল ইয়ংমেন্সও। মূলত এই তিন দলের ক্লাব লাইসেন্সিংয়ের কাজ সারতে ও দল গোছাতে বৃহস্পতিবার তৃতীয় দফায় আগামী ১৯ অগাস্ট পর্যন্ত সময় বাড়িয়েছে বাফুফে। 

আর এদিনই ৩৩ জনের দল চূড়ান্ত করে ফেলেছে মোহামেডান। তাদের জমা দেওয়া তালিকায় উল্লেখযোগ কিছু নাম হলো- উইঙ্গার ফয়সাল আহমেদ ফাহিম, মিডফিল্ডার সোহেল রানা, দুই ডিফেন্ডার সাদউদ্দিন ও রিমন হোসেন, গোলরক্ষক আনিসুর রহমান জিকো; এদের সবাইকে কিংস থেকে দলে টেনেছে মোহামেডান।

অভিজ্ঞ ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতে অনেকদিন ধরেই ছিলেন মোহামেডানে, যদিও গত মৌসুমে তাকে চুক্তিভুক্ত করেছিল আবাহনী। মালির এই ফুটবলারকে দলে ফিরিয়েছে মোহামেডান। বিদেশিদের মধ্যে মিডফিল্ডার মোজাফ্ফর মোজাফ্ফরভকে ধরে রেখেছে তারা।

মোহামেডান স্কোয়াড: 

গোলরক্ষক: সুজন হোসেন, আহসান হাবিব বিপু, আনিসুর রহমান জিকো, ইসমাইল হোসেন মাহিন

ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, ইসমাইল হোসেন, শাহিন আহম্মদ, সাদ উদ্দিন, টনি আগাবাজি, রিমন হোসেন, রহমত মিয়া, আজিজুল হক অনন্ত, হাফিজুর রহমান বাবু

মিডফিল্ডার: শাহরিয়ার ইমন, মেহেদি হাসান, কামাল মৃধা, সোহেল রানা, মিনহাজ আবেদিন, মেহেদি হাসান রয়েল, মোজাফ্ফর মোজাফ্ফরভ, মজিবুর রহমান জনি, শফিউল হোসেন

ফরোয়ার্ড: রাজু আহমেদ, সৌরভ দেওয়ান, জুয়েল মিয়া, জয় আহমেদ, ফয়সাল আহমেদ ফাহিম, সুলেমানে দিয়াবাতে, রহিম উদ্দিন, আমির হাকিম বাপ্পি, এমানুয়েল সানডে, আরিফ হোসেন