১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

২৪ জনকেই জার্মানিতে পাঠানোর সিদ্ধান্ত হকি ফেডারেশনের

এশিয়ান গেমস সামনে রেখে জার্মানিতে ক্যাম্প করতে যাওয়ার দিনক্ষণ অবশ্য চূড়ান্ত হয়নি এখনও।

২৪ জনকেই জার্মানিতে পাঠানোর সিদ্ধান্ত হকি ফেডারেশনের
প্রস্তুতিতে ব্যস্ত জিমিরা। ছবি: বাহফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 08:36 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

শুরুর ভাবনায় ছিল ২০ জনের চূড়ান্ত দল নিয়ে জার্মানিতে ক্যাম্প করার। সে সিদ্ধান্তে বদল এসেছে। এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে প্রাথমিক দলে থাকা ২৪ জনকেই জার্মানি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। অবশ্য, জার্মানিতে যাওয়ার দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনও। জিমি-কৌশিকদের ভিসা পাওয়ার উপর নির্ভর করছে তা।

বর্তমানে ক্যাম্প চলছে পল্টনের মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে। শনিবারের প্রস্তুতিতে স্কোরিং, পেনাল্টি কর্নার, বক্সের ভেতর দ্রুত গোল করার কৌশলগুলো নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন জার্মান কোচ পিটার গেরহার্ড।

এদিনই বাংলাদেশ হকি ফেডারেশনের সিলেকশন কমিটির চেয়ারম্যান সাজেদ এ. এ. আদেল জানিয়েছেন জার্মানির ক্যাম্পে বর্তমান দলে থাকা সবাইকে পাঠানোর সিদ্ধান্ত।

“আমরা দেখছি, অনেকের মধ্যে বেশ আগ্রহ রয়েছে; জার্মানিতে যাবে এবং সেখানে অনুশীলন করবে, যা আমাদের জন্য একটি ভালো দিক; যদি সঠিকভাবে সেখানকার ম্যাচগুলো খেলা হয়, ক্যাম্প হয়, আমার মনে হয় এটি আমাদের দলের জন্য ভালো হবে।

“আমরা তো চেয়েছিলাম পুরো স্কোয়াড (৩৪ জনের প্রাথমিক দল) নিয়েই যেতে, কিন্তু সেটা সম্ভব হয় না। আমাদেরও তো কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতার কারণে আমরা দলটির সংখ্যা ৩৮ থেকে কমিয়ে ২৪ জনে নিয়ে এসেছি। এই ২৪ জন খেলোয়াড়ই প্রস্তুতির জন্য (এশিয়ান গেমসের জন্য) বাইরে যাবে। এই ২৪ জনের মধ্য থেকেই আমরা চূড়ান্ত ১৮ জনকে বাছাই করব, যারা মূল দলে খেলার সুযোগ পাবে।”

জার্মানিতে এক মাসের ক্যাম্প ও সেখানে ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলার লক্ষ্য আগেই বলেছিলেন কোচ গেরহার্ড। তিনি চেয়েছিলেন ২০ জন থেকে ১৮ জনকে চূড়ান্ত করতে। তবে, নানা পরিস্থিতির বিবেচনায় সবাইকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

“কোচ মূলত ২০ জনকে নিতে চেয়েছিলেন। কিন্তু আমরা বিষয়টি (সবাইকে নিয়ে যাওয়ার) খুব জোর দিয়ে বলেছি এবং সিলেকশন কমিটি একমত হয়েছে। পরবর্তীতে কোচ, আমরা এবং ফেডারেশনের সবার সাথে কথা বলে বিষয়টি উপস্থাপন করেছি যে, আমাদের আরও বেশি খেলোয়াড় নিতে হবে। বেশি খেলোয়াড় না নিয়ে যদি ২০ জন থেকে কমিয়ে ১৮ জন করা হতো, অর্থাৎ ২ জন বাদ পড়ত, তবে তা ঠিক হতো না। সেই কারণেই আমরা সংখ্যাটি ২৪ করেছি।”

আগামী সেপ্টেম্বরে জাপানে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসে পুল পর্বে বাংলাদেশ খেলবে স্বাগতিক জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার বিপক্ষে। এই পর্বের সেরা দুই দল উঠবে সেমি-ফাইনালে। বাকিরা খেলবে স্থান নির্ধারণী ম্যাচে।

২৪ জনের প্রাথমিক দল: বিপ্লব কুজুর, ⁠আশরাফুল হক সাদ, আশরাফুল ইসলাম, আল নাহিয়ান শুভ, হোজাইফা হোসেন, ⁠আমিরুল ইসলাম, ⁠রেজাউল করিম বাবু, এম এম মেহরাব হাসান সামিন, রোমান সরকার, ফজলে হোসেন রাব্বী, আবেদ উদ্দিন, শাহিদুর রহমান সাজু, ওবায়দুল হোসেন জয়, দ্বীন ইসলাম ইমন, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খীসা, ⁠আমান শরিফ, ⁠সোহানুর রহমান সবুজ, ⁠ফরহাদ আহমেদ শিতুল, ⁠নুরুজ্জামান নয়ন, ⁠মাহবুব হোসেন, মাইনুল ইসলাম, রাসেল মাহমুদ জিমি ও রাকিবুল হাসান।