১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঘানার বিপক্ষে ‘আফ্রিকান রেকর্ডে’ ভরসা ক্রোয়েশিয়ার

ক্রোয়েশিয়ার অভিজ্ঞ লেফট-উইঙ্গার ইভান পেরিসিচের বিশ্বাস, ঘানাকে হারিয়ে নকআউট পর্বে খেলা নিশ্চিত করতে পারবে তারা।

ঘানার বিপক্ষে ‘আফ্রিকান রেকর্ডে’ ভরসা ক্রোয়েশিয়ার
ক্রোয়েশিয়ার অনুশীলনে লুকা মদ্রিচ ও ইভান পেরিসিচ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2026, 04:54 PM

Updated : 11 Sep 2026, 03:31 PM

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অতীত থেকে আত্মবিশ্বাস নিচ্ছে ক্রোয়েশিয়া। গত এক যুগ ধরে বিশ্বকাপে আফ্রিকার কোনো দলের বিপক্ষে হারেনি তারা। ঘানার বিপক্ষে মাঠে নামার আগে সেটাই মনে করিয়ে দিয়েছেন ক্রোয়াট তারকা ইভান পেরিসিচ।

২০১৮ সালের রানার্সআপ ও গত আসরের সেমি-ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার এবারের বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলে হারা দলটি, পানামার সঙ্গে কোনোমতে ১-০ গোলের জয় পেয়েছে। ৩ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপে তারা আছে তৃতীয় স্থানে।

৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইংল্যান্ড এরই মধ্যে পরের ধাপে খেলা নিশ্চিত করেছে ফেলেছে। ঘানারও পয়েন্ট ৪, তবে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় তারা আছে দুইয়ে। এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি পানামা।

নকআউট পর্বে খেলা নিশ্চিত করতে শনিবারের ম্যাচে ড্র করলেই চলবে ক্রোয়েশিয়ার। 

২০১৪ সাল থেকে বিশ্ব মঞ্চে আফ্রিকান দলের বিপক্ষে তিনটি জয় পেয়েছে ক্রোয়েশিয়া, ড্র করেছে একটি ম‍্যাচে। যার সবশেষটি ২০২২ কাতার আসরে। আফ্রিকার প্রথম দল হিসাবে সেমি-ফাইনালে খেলার কীর্তি গড়া মরক্কোকে হারিয়ে তৃতীয় হয় তারা। 

আফ্রিকান দলগুলোর খেলার ধরন মোটামুটি চেনা ক্রোয়েশিয়ার। বিগত আসরগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঘানাকে হারাতে আত্মবিশ্বাসী পেরিসিচ।

“এটা এমন একটা বিষয়, যেটা নিয়ে আমরাও আলোচনা করেছি। আমরা গত ১০ বছরে অনেক (আফ্রিকান) দলের বিপক্ষে খেলেছি এবং সব ফলাফলই ছিল ইতিবাচক। তাই আমার বিশ্বাস, এবারও তেমন কিছুই হবে এবং অন্য দলগুলোর বিপক্ষে যেভাবে খেলেছি, ঠিক সেভাবেই আমরা দারুণ একটি ম্যাচ উপহার দেব।”

পানামার বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করা ঘানা ইংল্যান্ডকে রুখে দিয়েছে। ইংলিশদের বিপক্ষে সেদিন রক্ষণ জমাট রেখে প্রতি আক্রমণের কৌশলে খেলেছিল ঘানা। দলটির কোচ কার্লোস কেইরস ক্রোয়েশিয়ার বিপক্ষে নতুন ছক সাজাতে পারেন বলে মনে হচ্ছে পেরিসিচের। তবে অভিজ্ঞ লেফট-উইঙ্গার বললেন, সব কিছুর জন্যই প্রস্তুত তারা।

“তারা খুবই ভালো দল। খুবই আঁটসাঁট। গত দুটি ম্যাচে সম্ভবত তারা অনেক নিচে নেমে খেলেছে। সেই অনুযায়ী, আগামীকাল তারা কৌশল পরিবর্তনও করতে পারে। তবে আমাদের দুটি পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকতে হবে।”

“তবে হ্যাঁ, আমরা নিজেদের দিকে, নিজেদের খেলার ওপর মনোযোগ দিচ্ছি। যা করা প্রয়োজন সেটা করছি। গত দুই ম্যাচের তুলনায় আমাদের আরও ভালো হতে হবে।”