১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কী হলে কী হবে: গ্রুপ ‘এল’

গ্রুপের শেষ রাউন্ডে নকআউট পর্বে ওঠার সুযোগ আছে তিনটি দলের সামনে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2026, 02:45 PM

Updated : 11 Sep 2026, 03:30 PM

নানা রোমাঞ্চকর ধাপ পেরিয়ে শেষ হয়েছে গ্রুপ পর্বের দুই রাউন্ডের খেলা। জমে উঠেছে নকআউট পর্বে ওঠার লড়াই। শেষ রাউন্ডের আগে তাই দেখে নেওয়া যাক, কোন দলের কী অবস্থান, তাদের টিকে থাকার সম্ভাবনাই বা কতটা।

গ্রুপ ‘এল’: শেষ রাউন্ডে একই সময়ে মুখোমুখি হবে পানামা ও ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া ও ঘানা। বাংলাদেশ সময় শনিবার রাত তিনটায় শুরু হবে ম্যাচ দুটি।

ইংল্যান্ড: ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে আসর শুরুর পর, ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করে ইংলিশরা। ঘানার সমান ৪ পয়েন্ট নিয়ে, গোল ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। এরই মধ‍্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা।

  •  পানামাকে হারাতে পারলে গ্রুপ সেরা হবে ইংল্যান্ড, যদি না ঘানা অন্য ম্যাচে তাদের চেয়ে বেশি ব্যবধানে জিতে।

ঘানা যদি ইংল্যান্ডের জয়ের চেয়ে এক গোলের বেশি ব্যবধানে জয় পায়, তাহলে তাদের পয়েন্ট ও গোল ব্যবধান হবে সমান। তখন দেখা হবে কারা বেশি গোল করেছে, এই হিসেবে বর্তমানে অবশ্য ভালো অবস্থায় আছে টমাস টুখেলের দল।

  •  ড্র করলেও গ্রুপ সেরা হতে পারবে ইংল্যান্ড, যদি অন্য ম্যাচটিও ড্র হয়।
  •  হারলেও গ্রুপ রানার্সআপ হয়ে পরের ধাপে উঠতে পারবে ইংল্যান্ড, যদি অন্য ম্যাচে ঘানা তাদের মতো একই ব্যবধানে অথবা তাদের চেয়ে বড় ব্যবধানে হারে।

ঘানা: পানামাকে ১-০ গোলে হারিয়ে আসর শুরুর পর, ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে দলটি। ইংল্যান্ডের সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে তারা। তারাও নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে।

  •  জিতলে গ্রুপ সেরা হতে পারবে ঘানা, যদি অন্য ম্যাচ ড্র হয় কিংবা ইংল্যান্ড হেরে যায়।

আবার এই শর্তে ইংল্যান্ড জিতলেও গ্রুপ সেরা হতে পারবে ঘানা, তবে সেক্ষেত্রে ইংল্যান্ডের চেয়ে দুই গোলে বেশি ব্যবধানে জিততে হবে তাদের। এক গোলের বেশি ব্যবধানে জিতলে দুই দলের গোল ব্যবধান হবে সমান, তখন প্রযোজ্য হবে কারা বেশি গোল করেছে।

তাই দুই ম্যাচের স্কোরলাইনের আকারও গুরুত্বপূর্ণ হবে এক্ষেত্রে।

  •  ড্র করলেও গ্রুপ সেরা হতে পারবে ঘানা, যদি অন্য ম্যাচে ইংল্যান্ড হেরে যায়।

ক্রোয়েশিয়া: ইংল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলে ধরাশায়ী হওয়ার পর, পানামাকে ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে তারা।

  •  ঘানাকে হারালেই নকআউট পর্ব নিশ্চিত হবে ক্রোয়েশিয়ার।
  •  ম্যাচটি জিততে পারলে গ্রুপ সেরাও হতে পারে ক্রোয়েশিয়া, যদি অন্য ম্যাচে ইংল্যান্ড জিততে না পারে।
  •  উপরের কোনো শর্ত পক্ষে না এলে, গ্রুপের তৃতীয় হয়ে, সেরা আট তৃতীয় দলের একটি হয়ে নকআউটে খেলার আশায় থাকবে তারা।