২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের ব্যর্থতার দিন

নরওয়েতে বিশ্ব দাবা অলিম্পিয়াডের ৪১তম আসরের চতুর্থ রাউন্ডটি ভালো কাটেনি বাংলাদেশের। উন্মুক্ত বিভাগে ইউক্রেনের কাছে ৩-১ পয়েন্টে হেরেছেন নিয়াজ মোর্শেদরা। আর সুইজারল্যান্ডের বিপক্ষে মাত্র আধা পয়েন্টই সংগ্রহ করতে পেরেছেন রানী হামিদরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 11:51 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

মঙ্গলবার উন্মুক্ত বিভাগে বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আবদুল্লাহ-আল রাকিব ড্র করেন। তবে হেরে যান অপর দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও এনামুল হোসেন।

জিয়াউর সাদা নিয়ে খেলে ক্রোয়েশিয়ার গ্র্যান্ডমাস্টার ভাসিলি ইভানচুকের সঙ্গে ড্র করেন। আর কালো নিয়ে খেলা রাকিব ড্র করেন আরেক গ্র্যান্ডমাস্টার রুসলান পোনোমারিওভের সঙ্গে।

গ্র্যান্ডমাস্টার ইলিয়ানভের কাছে হারেন সাদা নিয়ে খেলা এনামুল। কালো নিয়ে খেলা নিয়াজ হারেন গ্র্যান্ডমাস্টার আলেক্সান্দার মইসেঙ্কোর কাছে।

প্রথম দুই রাউন্ডে জেতার পর তৃতীয় রাউন্ডে বেলজিয়ামের সঙ্গে ড্র করে বাংলাদেশ। উন্মুক্ত বিভাগে চার রাউন্ড শেষে বাংলাদেশের পয়েন্ট এখন ৯।

এদিকে তৃতীয় রাউন্ডে শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের মেয়েরা চতুর্থ রাউন্ডে একেবারেই ব্যর্থ হন।

চারজনের মধ্যে একমাত্র মহিলা ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন ড্র করে বাংলাদেশের জন্য আধা পয়েন্ট সংগ্রহ করেন। তার সুইস প্রতিপক্ষও একজন মহিলা ফিদে মাস্টার ছিলেন।

হেরে যান দুই মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শামীমা আকতার এবং মহিলা ফিদে মাস্টার নজরানা খান।

এদের মধ্যে একমাত্র নজরানার প্রতিপক্ষই মহিলা গ্র্যান্ডমাস্টার। বাকি দুজনের প্রতিপক্ষ দুজন মহিলা আন্তর্জাতিক মাস্টার।

চার রাউন্ড মিলে বাংলাদেশের মেয়েদের পয়েন্ট এখন সাড়ে ৭।