এবার হেরেই গেল শেখ রাসেল
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একমাত্র গোলে জিতেছে গোপীবাগের দলটি।
মন্টেনেগ্রোর কোচ দ্রাগান দুকানোভিচের অধীনে প্রথম ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হেরে গেল গতবারের ‘ট্রেবল’ জয়ীরা। এই হারের ফলে শিরোপা দৌড় থেকেও একরকম ছিটকে পড়লো তারা।
১২ ম্যাচ ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে শেষ রাসেল। রাসেলের সমান ১৬ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে ষষ্ঠ স্থানে আছে ব্রাদার্স।
স্থানীয় কোচ মারুফুল হককে বরখাস্ত করে গত শনিবার দুকানোভিচকে দায়িত্ব দেয়া হয়।। কিন্তু লিগের মাঝামাঝি সময়ে কোচ বদলেও সাফল্য পাচ্ছে না তারা। গত ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল তারা।
শনিবার ম্যাচে তেমন একটা প্রাধান্যও বিস্তার করতে পারেনি শেখ রাসেল। এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটাও পেয়েছিল ব্রাদার্স। গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্যের নৈপুণ্যে সে ধাক্কায় বেঁচে যায় রাসেল।
তবে ৪৫তম মিনিটে আর দলকে বাঁচাতে পারেননি ভট্টাচার্য্য। স্বদেশী মিডফিল্ডার সিমন ইজিওদকার ক্রস থেকে জয়সূচক গোলটি করেন নাইজেরীয় ফরোয়ার্ড কেস্টার আখন।
৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল ব্রাদার্স; কিন্তু কেস্টারের চমৎকার শটটি রুখে দেন রাসেলের গোলরক্ষক। বাকি সময়ে ম্যাচে ফিরতে মরিয়া রাসেলও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় হেরেই মাঠ ছাড়তে হয় তাদের।
