থাইল্যান্ডে জয় পেয়েছে বাংলাদেশ
থাইল্যান্ড সফরের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় দল। থাইল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে জয়টা এসেছে একমাত্র গোলে।
শনিবার ব্যাংককের সারাবুরি সেন্ট্রাল স্টেডিয়ামে একমাত্র গোলটি করেন স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি।
এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের প্রিমিয়ার লিগের দল ওসোতস্পা সারাবুরি এএফসির কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সে ম্যাচেও বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন রনি।
শনিবার ম্যাচের ৭৩ মিনিটে স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির পাস থেকে চমৎকার শটে লক্ষ্যভেদ করেন রনি।
এর আগে ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। মিডফিল্ডার মামুনুল ইসলামের কর্নার শট সরাসরি ক্রসবারে লাগে।
২৮ মিনিটে দারুণ একটি সুযোগ হাতছাড়া করে স্ট্রাইকার তকলিস আহমেদ। দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বক্সে ঢুকে চমৎকার শট করেছিলেন তিনি। দুর্ভাগ্য, সাইডবার ঘেষে বাইরে চলে যায় বল। এমনি করে বেশ কয়েকটি সুযোগ পেলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
ম্যাচ শেষে দলের কোচ লোডভিক ডি ক্রুইফ বলেন, “ছেলেরা ভালো ফুটবল খেলেছে এদিন। তারা এক রকম আধিপত্য বিস্তার করে খেলেছে। বল দখল, ম্যান মার্কিংয়ে এগিয়ে থাকা ছাড়াও টেকনিক্যালি ভালো খেলেছে দল। কিন্তু ফিনিশিংয়ে ঘাটতি থাকায় বড় ব্যবধানে জয় পাওয়া সম্ভব হয়নি।”
রোববার বাংলাদেশ দল দেশে ফিরবে। থাইল্যান্ড সফরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলা ছাড়াও সেখানে কন্ডিশনিং ক্যাম্প করে বাংলাদেশ দল।
