বেনিতেসের প্রতি সমর্থন রোনালদোর
চ্যাম্পিয়ন্স লিগে মালমোর বিপক্ষে ম্যাচের সময় রিয়াল মাদ্রিদের সমর্থকরা কোচ রাফায়েল বেনিতেসকে ‘দুয়ো’ দিয়েছেন। তবে ক্রিস্তিয়ানো রোনালদো মনে করেন, স্পেনের সফলতম ক্লাবটির জন্য তিনিই সঠিক ব্যক্তি।
স্পেনের লা লিগায় সেভিয়া আর বার্সেলোনার কাছে হারার পর সমালোচনার মুখে পড়েছিলেন বেনিতেস। এর পর কোপা দেল রেতে এক ম্যাচের জন্য নিষিদ্ধ খেলোয়াড় খেলিয়ে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর আরও তোপের মুখে পড়েন তিনি।
ঘরের মাঠে মালমোর বিপক্ষে ম্যাচে বেনিতেসকে দুয়ো দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করে সমর্থকরা।
ম্যাচ শেষে বিষয়টি নিয়ে রোনালদো বলেন, “আমি বুঝতে পারিনি, মানুষ বেনিতেসকে দুয়ো দিচ্ছে। এতে আমি সত্যি বিস্মিত হয়েছি। আমি জানি না, কী ঘটেছে। আমি কোনো সমস্যা দেখছি না। যেভাবে খুশি সমর্থকরা সব সময় তাদের ভাব প্রকাশ করতে পারে। কিন্তু কোচ দারুণ কাজ করছে। রিয়াল মাদ্রিদের জন্য বেনিতেসই সঠিক ব্যক্তি।”
রিয়ালে থিতু হতে বেনিতেসকে আরও সময় দিতে হবে বলেও মনে করেন রোনালদো।
“রিয়াল মাদ্রিদে সে এখনও মানিয়ে নিচ্ছে এবং তাকে সময় দেওয়া দরকার। আমি মনে করি, সে ঠিক পথেই আছে।”
বেনিতেসের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে রোনালদো বলেন, “তার সঙ্গে আমার সম্পর্ক ভালো, যেমন ভালো সম্পর্ক আমার সব খেলোয়াড়দের সঙ্গে আছে।”
এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে ২১ গোল করেছেন রোনালদো। তবে অধারাবাহিকতার জন্য তাকেও সমালোচনা সইতে হয়েছে। মাদ্রিদে এই পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন বলে জানান পর্তুগালের অধিনায়ক।
সান্তিয়াগো বের্নাবেউতে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালমোকে ৮-০ গোলে উড়িয়ে দেয় রিয়াল। চার গোল করে বিশাল এই জয়ে বড় ভূমিকা রাখেন রোনালদো। করিম বেনজেমা করেন তিনটি গোল।
