প্রতিপক্ষ লিডস, কিন্তু গুয়ার্দিওলার ভাবনায় আর্সেনাল
শিরোপা লড়াইয়ে থাকতে শীর্ষ দলের সঙ্গে ব্যবধান আর বাড়তে না দেওয়ার তাগিদ দিয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ।
তিন দিনের ব্যবধানে দুই মঞ্চের দুই পরাজয়ে হয়তো কিছুটা এলোমেলো ম্যানচেস্টার সিটি। তবে আগের মতোই দারুণ আত্মবিশ্বাসী দলটির কোচ পেপ গুয়ার্দিওলা। লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে আর্সেনালের সঙ্গে কোনোভাবেই আর ব্যবধান বাড়তে দিতে চান না তিনি।
মৌসুমের শুরু থেকেই সিটির পারফরম্যান্সে ধারাবাহিকতার ঘাটতি দেখা যাচ্ছে। উত্থান-পতনের যাত্রায় এই সপ্তাহ যেমন ভীষণ বাজে কেটেছে তাদের; গত শনিবার প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-১ গোলে হারের পর, চ্যাম্পিয়ন্স লিগে বায়ার লেভারকুজেনের বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলে হেরেছে তারা।
নিউক্যাসলের বিপক্ষে হারের পর প্রিমিয়ার লিগের টেবিলে শীর্ষস্থান থেকে ৭ পয়েন্টে পিছিয়ে পড়েছে সিটি। মৌসুমের শুরুর দিকেই এত বড় ব্যবধান ভাবিয়ে তুলেছে কোচকে।
পরের ম্যাচে শনিবার প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে তার দল। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামার আগের দিন দলকে পয়েন্ট টেবিলে দৃষ্টি দিতে বললেন তিনি। সেই সঙ্গে শিরোপা লড়াইয়ে সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে ওঠা আর্সেনালের প্রশংসাও করলেন।
“আগামী কয়েক সপ্তাহের এবং সামনের কয়েক ম্যাচের বিষয়ে (কথা বলতে হলে), সবসময়ই আমার কেবল সামনের ম্যাচটি নিয়ে কথা বলার অভিজ্ঞতা আছে এবং তার পরেরটা দেখা যাবে।”
“আমি জানি, পার্থক্যটা এখনই স্পষ্ট হয়ে উঠেছে এবং আর্সেনাল খুব শক্তিশালী দল। আমরা দেখতে পাচ্ছি, যত ম্যাচ যাচ্ছে তারা ততই দল হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠছে।”
১২ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে আছে সিটি। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে চেলসি।
আর শীর্ষে আর্সেনালের পয়েন্ট ২৯।
