Published : 03 Aug 2026, 12:31 PM
‘সংকটময় একটি মুহূর্তে’ ফুটবলকে রক্ষা করতে এগিয়ে আসার জন্য উয়েফা উচ্ছ্বসিত প্রশংসা করেছে রেয়াল মাদ্রিদ। ফিফার বিতর্কিত প্রস্তাবটি বাতিল করার ক্ষেত্রে ভূমিকা রাখায় অন্যান্য কনফেডারেশন ও ফেডারেশনগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে ইউরোপের সফলতম ক্লাবটি।
ফিফার সেই প্রস্তাবের প্রথম কঠোর বিরোধিতা করেছিল উয়েফা। বিশ্বকাপসহ ফিফা টুর্নামেন্টগুলো বর্জনের ঘোষণাও দিয়েছিল তারা। পরে উয়েফাসহ মোট তিনটি কনফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে প্রত্যাহার করতে বাধ্য হন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, তার জন্য যা বড় একটি ধাক্কা।
প্রস্তাব বাতিল করার পরও উয়েফা স্পষ্ট ভাষায় বলেছে, ইনফান্তিনোর ওপর তারা আস্থা হারিয়েছে এবং আরও পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সংস্থাটি, এর মধ্যে আছে সুইস এই কর্মকর্তার অনাস্থা ভোটের উদ্যোগও, যেটির জন্য ফিফার ৪৩টি সদস্য রাষ্ট্রের সমর্থন প্রয়োজন হবে।
রেকর্ড ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ বিবৃতি বলেছে, প্রস্তাবটি বাতিল হওয়া গোটা ফুটবল দুনিয়ার জন্য স্বস্তির খবর।
“ফিফা তাদের টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব আংশিকভাবে বিক্রি করার প্রস্তাবটি বাতিল করার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটিকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে রেয়াল মাদ্রিদ। আমাদের ক্লাব মনে করে যে এটি ফুটবলের জন্য, এর প্রতিষ্ঠানগুলোর জন্য এবং সর্বোপরি, আমাদের প্রিয় এই খেলার লক্ষ লক্ষ ভক্তের জন্য একটি সুসংবাদ।
উয়েফা, বিভিন্ন কনফেডারেশন ও ফেডারেশনসমূহ এবং সেই সব প্রতিষ্ঠানকে কৃতজ্ঞতা জানাতে চায় রেয়াল মাদ্রিদ, যারা দৃঢ়ভাবে ও দায়িত্বের সঙ্গে এই প্রকল্পের বিরোধিতা করেছিল। তাদের ঐক্য এবং কর্তব্যবোধ একটি সংকটময় মুহূর্তে ফুটবলকে রক্ষা করেছে।”
উয়েফা ছাড়াও, উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনক্যাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) এই পরিকল্পনার বিরুদ্ধে সরব হয়েছিল।
ইনফান্তিনোর পরিকল্পনা ছিল, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি সহায়ক কোম্পানি প্রতিষ্ঠা করা, যা পুরুষ ও নারী বিশ্বকাপসহ ফিফার প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক ও পরিচালনগত দিকগুলো তত্ত্বাবধান করবে।
এই পরিকল্পনার সবচেয়ে বিতর্কিত অংশ ছিল, বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ২০ শতাংশ শেয়ার বিক্রির প্রস্তাব।
ফুটবল ও ফুটবলারদের জন্য ক্লাবগুলির অবদানের কথা উল্লেখ করা হয় রেয়াল মাদ্রিদের বিবৃতিতে। পাশাপাশি জোর দিয়ে বলা হয়, আবেগ ও ঐতিহ্যকে কখনোই অর্থ দিয়ে পরিমাপ করা উচিত নয়।
“ক্লাবগুলোই হলো সেই ভিত্তি, যার ওপর জাতীয় দলের ফুটবল এবং বিশ্বকাপ নির্মিত হয়। ক্লাবগুলোই সেইসব ফুটবলারদের বের করে আনে, প্রশিক্ষণ দেয়, বিকশিত করে এবং জাতীয় দলের সেবায় নিয়োজিত করে, যারা এই মহান টুর্নামেন্টগুলোকে আলোকিত করে তোলে।
জাতীয় দলের ফুটবল এবং বিশ্বকাপ সর্বোপরি জনস্বার্থের বিষয় এবং এগুলো এমন এক ঐতিহ্য তৈরি করে, যা গোটা জাতি, সমর্থক এবং সমগ্র সমাজের। এই কারণে, আমরা বিশ্বাস করি যে, এগুলোকে কখনই শুধুমাত্র আর্থিক সম্পদ হিসেবে গণ্য করা উচিত নয়, যা মুষ্টিমেয় কিছু লোকের সুবিধার জন্য বাজারজাত করার উদ্দেশ্যে তৈরি।”