রহমতগঞ্জকে হারাল পুলিশ এফসি
পয়েন্ট টেবিলে মোহামেডানের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিল পুলিশ এফসি।
প্রিমিয়ার লিগ শিরোপা আগেই ঘরে তুলেছে বসুন্ধরা কিংস। আবাহনীও নিশ্চিত করেছে রানার্সআপ হওয়া। এখন বাকিদের জন্য চলছে লিগ টেবিলে যতটা সম্ভব উপরে থাকার লড়াই। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়ে সেখানে আরেকটু এগিয়ে গেছে পুলিশ এফসি।
ময়মনসিংহের শহীদ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শনিবার রহমতগঞ্জকে ২-০ গোলে হারায় পুলিশ। দুই অর্ধে একটি করে গোলের দেখা পায় তারা।
লিগে তৃতীয় স্থানে জন্য লড়াইটা চলছে পুলিশ ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে। টানা চার জয় পাওয়া পুলিশ এফসির পয়েন্ট ১৮ ম্যাচে ২৯। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা মোহামেডান ২৩ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
চতুর্থ মিনিটে কর্নার থেকে হেডে পুলিশ এফসিকে এগিয়ে নেন শেখ বাবলু। ৪৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কলম্বিয়ার ফরোয়ার্ড লেয়ান্দ্রো আম্বুইয়া।
দিনের অন্য ম্যাচে রাজশাহীতে শেষ মুহূর্তের গোলে ফর্টিস এফসির বিপক্ষে হার এড়িয়েছে চট্টগ্রাম আবাহনী। ১-১ ড্র ম্যাচের ৬৫তম মিনিটে শাখাওয়াত হোসেন রনির গোলে এগিয়ে যায় ফর্টিস। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বন্দরনগরীর দলটিকে সমতার স্বস্তি এনে দেন ইকবাল হোসেন।
১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে রহমতগঞ্জ। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে লিগ টেবিলে পুরান ঢাকার এই দলটির একধাপ উপরে আছে চট্টগ্রাম আবাহনী। ২০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ফর্টিস এফসি।
