মেসির ক্যারিয়ার রাঙাতে যেভাবে ভূমিকা রেখেছিলেন রোনালদিনিয়ো
আর্জেন্টাইন মহাতারকার ক্যারিয়ারের শুরুতে বড় ভূমিকা রেখেছিলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রোনালদিনিয়ো।
ফুটবলের দুনিয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের প্রতিনিধি রোনালদিনিয়ো ও মেসি; কিন্তু তাদের মাঝে সম্পর্কটা মধুর। আজকের বিশ্বসেরা আর্জেন্টাইন তারকার ক্যারিয়ারের শুরুতে অনেক বড় ভূমিকা আছে রোনালদিনিয়োর। মেসির ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে ব্রাজিলিয়ান তারকাকে ‘গডফাদার’ বললেও হয়তো ভুল হবে না। খুব বেশিদিন তারা একসঙ্গে খেলতে পারেননি, তবে ওই অল্প কিছুদিনেই সম্পর্কের ভিতটা গড়ে ওঠে।
আজও মেসির ব্যর্থতায় মন কাঁদে রোনালদিনিয়োর, সাবেক সতীর্থের সাফল্যে উচ্ছ্বাসে ভাসেন তিনি। কাতার বিশ্বকাপেই যার দেখা মিলেছে। কোয়ার্টার-ফাইনাল থেকে ব্রাজিলের ছিটকে পড়ার কষ্ট তো ছিলই; কিন্তু মেসি তো ছিলেন টিকে।
আর্জেন্টিনার সেমি-ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন রোনালদিনিয়ো। ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রতিটি গোল উদযাপন করতে দেখা যায় তাকে; স্পট-কিকে লিওনেল মেসি বল জালে পাঠালে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায় ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকাকে, তখন তার চোখে-মুখে ছিল ভালোলাগার ছোঁয়া।
মেসির কাছেও রোনালদিনিয়ো শ্রদ্ধার পাত্র, খুব কাছের একজন। তাদের মধ্যে সম্পর্কের গভীরতার শুরু প্রায় দুই দশক আগে, বার্সেলোনা শিবির।
কাতালান ক্লাবটিতে যখন মেসির ক্যারিয়ার সবেমাত্র শুরু, তখন রোনালদিনিয়ো বিশ্বের সেরা ফুটবলারদের একজন। সেই সময়েই ছোট্ট মেসির মধ্যে ‘ভবিষ্যতের বিশ্বসেরা ফুটবলার’ দেখতে পেয়েছিলেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জয়ী রোনালদিনিয়ো।
সম্প্রতি শেষ হওয়া কাতার বিশ্বকাপে মেসির অসাধারণ পারফরম্যান্সেই ৩৬ বছরের খরা ঘুচিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। রোনালদিনিয়োকে নিয়ে ‘দা হ্যাপিয়েস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড’ নামের একটি ডকুমেন্টারি বানিয়েছে ফিফা। সেখানেই ফুটে উঠেছে রেকর্ড সাতবারের ব্যালন দ’র জয়ীর ক্যারিয়ারে গ্রেট রোনালদিনিয়োর ভূমিকা ও তাদের মধ্যে সম্পর্কের গভীরতা।
২০০৪ সালের ডিসেম্বরে ফিফার বর্ষসেরা ফুটবলার হন রোনালদিনিয়ো। পরের বছর মেসির সঙ্গে তার বন্ধুত্বের শুরু।
সেই সময়ে বার্সেলোনার মূল দল ও যুব দলের মধ্যে সেতুবন্ধনের কাজটা মূলত করেন হুয়ানহো কাস্তিয়ো। তখনই মেসির সঙ্গে প্রথম দেখা রোনালদিনিয়োর।
মূল দলে মেসির প্রথম অনুশীলন সেশন দেখেই অবাক হয়ে যান রোনালদিনিয়ো। তখন তিনি কাস্তিয়োকে বলেছিলেন, “আপনি কী পাগল হয়ে গেছেন?”
এত বড় তারকার মুখে এমন কথা শুনে কিছুটা যেন অপ্রস্তুত হয়ে পড়েছিলেন কাস্তিয়ো, “কী হয়েছে রনি, সে (মেসি) কি এতটাই খারাপ?” জবাবে রোনালদিনিয়ো বলেন, “না না, তার তো আমাদের সঙ্গে অনুশীলন করা উচিত।”
মেসি ও রোনালদোর সম্পর্কের শুরু।
১৭ বছর বয়সী মেসিকে বার্সেলোনার সে সময়ের মূল স্কোয়াডের তারকাদের সঙ্গে রাখার জন্য কর্তৃপক্ষকে জোর করেছিলেন রোনালদিনিয়ো। যা নিয়ে মেসি বলেন, “আমি খুবই লাজুক স্বভাবের। ওই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আমার সময় লেগেছিল।”
মেসিকে এতটাই ভালো লাগত রোনালদিনিয়োর যে, ছোট্ট আর্জেন্টাইনের চুলও আঁচড়ে দিতেন তিনি। যা দেখে একবার কাস্তিয়ো মজা করে বলেছিলেন, “তুমি আমার চুল আঁচড়াও না কেন?”
রোনালদিনিয়োর উত্তরে মিশে ছিল মেসির প্রতি তার আস্থা। বলেছিলেন, “কারণ আপনি বিশ্বের সেরা খেলোয়াড় হবেন না। সে হবে।”
রোনালদিনিয়োর সেদিনের কথা অনেক আগেই সত্যি প্রমাণিত হয়েছে। মেসি এখন সময়ের সেরা ফুটবলার তো বটেই, সর্বকালের সেরাদের একজনও। সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জিতেছেন তিনি। প্রাপ্তির খাতায় স্রেফ ছিল না বিশ্বকাপটা। কাতার আসরে আরাধ্য সেই সোনালী ট্রফিতেও শেষ পর্যন্ত চুমু আঁকলেন তিনি।
২০০৫ সালে আলবাসেতের বিপক্ষে লা লিগার ম্যাচে ব্রাজিলিয়ান এই ফুটবলারের পাস থেকেই বার্সেলোনার হয়ে প্রথম গোলটি করেছিলেন মেসি। এর কিছুক্ষণ আগেই একবার জালে বল পাঠিয়েছিলেন মেসি, যা বাতিল হয়ে যায় অফসাইডের কারণে।
ওই গোল নিয়ে মেসি স্মৃতিচারণ করে হাসিমুখে বলেন, “তিনি ওই ম্যাচে অনেক কিছু করতে পারতেন। কিন্তু তিনি অপেক্ষা করলেন এবং আমাকে (গোল করতে) সহায়তা করলেন।”
ওই প্রসঙ্গে হাসতে হাসতে রোনালদিনিয়ো যোগ করেন, “সে কখনও তার প্রথম গোলটি ভুলবে না। আর যখনই সে এটা মনে করবে, তার আমার কথা মনে পড়বে। আমি তাকে পাস দিয়েছিলাম।”
মেসি ও রোনালদিনিয়োর মাঠে বোঝাপড়াটা ছিল দারুণ। ক্যারিয়ারে দুইজনে এক সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। ২০০৪-০৫ ও ২০০৫-০৬ মৌসুমে লা লিগা, ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন তারা।
২০০৮ সালের জুনে বার্সেলোনা ছেড়ে এসি মিলানে যোগ দেন রোনালদিনিয়ো। তখন স্প্যানিশ ক্লাবটির কোচের দায়িত্ব নেন পেপ গুয়ার্দিওলা। আর সে সময় থেকে সত্যিকার অর্থেই শুরু হয় মেসির রাজত্ব। ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, টানা চার বছর ব্যালন দ’র (তখন নাম ছিল ফিফা ব্যালন দ’র) জেতেন তিনি।
এত এত সাফল্যের মাঝেও ‘মেন্টর’ রোনালদিনিয়োর সান্নিধ্য খুব মিস করতেন মেসি। আক্ষেপ করে বলেন, আরও কিছুদিন যদি রোনালদিনিয়োর সঙ্গে খেলতে পারতেন! বার্সেলোনা থেকে দুইবারের ফিফা বর্ষসেরা তারকার বিদায়ের ধরনও ভালো লাগেনি মেসির।
“(রোনালদিনিয়োর বার্সেলোনার ছেড়ে যাওয়া) যেটা হয়েছিল, তা ছিল খুবই খারাপ। বার্সেলোনার ইতিহাস বদলে দিতে, ক্লাবের জন্য সবকিছু করেছিলেন তিনি, তার এমন বিদায় প্রাপ্য ছিল না। তিনি যেভাবে ক্লাব ছেড়েছিলেন, তা ছিল অদ্ভুত।”
বার্সেলোনায় একসঙ্গে অনুশীলনের শেষ দিকে একদিন রোনালদিনিয়ো তার ১০ নম্বর জার্সি মেসিকে নিতে বলেছিলেন। মেসিও তা আনন্দের সঙ্গে গ্রহণ করেন। তবে রোনালদিনিয়োর বার্সেলোনা ছেড়ে যাওয়ার মুহুর্ত এবং কারণ মনে পড়লে এখনও খারাপ লাগে মেসির।
বার্সেলোনা থেকে মেসির বিদায়টাও অবশ্য সুখকর হয়নি। হঠাৎ তার ক্লাব ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত, বোর্ডের সঙ্গে টানাপোড়েন, নতুন সভাপতি হিসেবে হুয়ান লাপোর্তা আসার পর সেই সমস্যার সমাধান এবং মেসির থেকে যাওয়ার সিদ্ধান্ত-সবই ছিল আশানুরূপ। কিন্তু নাজুক আর্থিক অবস্থায় শেষ পর্যন্ত ক্লাবের ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড়কে গত বছর ছেড়ে দিতে বাধ্য হয় বার্সেলোনা।
মেসির বয়স হয়ে গেছে ৩৫ বছর। তবে তার পারফরম্যান্সে নেই বয়সের কোনো ছাপ। বর্তমানে পিএসজির জার্সিতে আলো ছড়াচ্ছেন বার্সেলোনার ইতিহাসে রেকর্ড ম্যাচ খেলা ও গোল করা এই মহাতারকা।
