মায়ামিতে হচ্ছে না বার্সেলোনা-ভিয়ারেয়াল ম্যাচ
একরকম বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিল লা লিগার কর্তৃপক্ষ।
অনেক জল ঘোলা হওয়ার পর, চারিদিকে তীব্র প্রতিবাদের মুখে বার্সেলোনা ও ভিয়ারেয়ালের মধ্যকার ম্যাচ মায়ামিতে আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে লা লিগা।
বাংলাদেশ সময় মঙ্গলবার মাঝরাতে খবরটি নিশ্চিত করে স্পেনের শীর্ষ লিগ কর্তৃপক্ষ। এতে পুরো বিষয়টি নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের অবসান হলো।
অনেক দিন ধরে দেশের বাইরে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছিল লা লিগা। অনেকের প্রতিবাদের মুখে সেটা অনেকদিন আটকে ছিল। কিন্তু, গত অগাস্টে বার্সেলোনা-ভিয়ারেয়াল ম্যাচটি মায়ামিতে আয়োজনের অনুমোদন দেয় আরএফইএফ।
পরদিনই পরিকল্পনাটির বিরোধিতা করে বিবৃতি দেয় রেয়াল মাদ্রিদ এবং সেখান থেকেই বলা যায় প্রতিবাদের ভাষা আরও চড়া হতে থাকে। ইউরোপজুড়ে সমর্থক গোষ্ঠীগুলোর তীব্র বিরোধিতার মধ্যে, উয়েফাও এই মাসের শুরুতে ‘অনিচ্ছা সত্ত্বেও’ বিশেষ পরিস্থিতিতে ম্যাচটি মায়ামিতে আয়োজনের অনুমোদন দেয়।
তারপর, লা লিগার বিভিন্ন দলের খেলোয়াড়রা প্রতিবাদ জানাতে শুরু করে। এমনকি বার্সেলোনার খেলোয়াড়রা প্রকাশ্যে এর বিরোধিতা করে।
আগামী ২০ ডিসেম্বর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি। সেটা হতো স্পেনের বাইরে প্রথম কোনো লা লিগার ম্যাচ।
তবে, অনেক চাপের মুখে সিদ্ধান্তটি বাতিল করল কর্তৃপক্ষ।
