২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ছে চোটাক্রান্ত খেলোয়াড়ের সংখ্যা, যথেষ্ট ফুটবলার নেই গুয়ার্দিওলার

ঘাটতি পূরণে সামনে একাডেমি থেকে আরও খেলোয়াড় টানতে হবে বলে জানালেন সিটি কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2026, 03:38 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

নতুন বছরে সবকিছু যেন এলোমেলো হতে বসেছে ম্যানচেস্টার সিটির। বছরের প্রথম দিনের ধাক্কা সামলে বড় ম্যাচে জয়ের পথেই ছিল দলটি; কিন্তু শেষ মুহূর্তে সেটা হতে দেয়নি চেলসি। টানা দ্বিতীয়বার পয়েন্ট হারানোর ম্যাচে সিটির জন্য বাড়তি দুশ্চিন্তা হয়ে এসেছে ইয়োশকো ভার্দিওল ও রুবেন দিয়াসের চোট। তারাও ছিটকে পড়লে আরও বেশি একাডেমির খেলোয়াড়দের মাঠে নামানো ছাড়া উপায় থাকবে না, বললেন কোচ পেপ গুয়ার্দিওলা।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট জয়ের পর, গত বৃহস্পতিবার সান্ডারল্যান্ডের মাঠে গোলশূন্য ড্র করে ম্যানচেস্টারের দলটি। আর রোববার তাদেরকে ১-১ গোলে রুখে দেয় চেলসি।

ইতিহাদ স্টেডিয়ামে সবশেষ ম্যাচের ৫১তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন দুই ডিফেন্ডার ভার্দিওল ও রুবেন দিয়াস। ম্যাচের পর এই দুজনকে নিয়ে দুর্ভাবনার কথাই বললেন গুয়ার্দিওলা।

“(ভার্দিওলার অবস্থা কেমন) আমরা আগামীকাল দেখব, কিন্তু তার ও রুবেনের অবস্থা ভালো মনে হয়নি।”

“চিকিৎসকদের সঙ্গে এখনও আমি কথা বলিনি; কিন্তু রুবেন যখন মাঠ থেকে উঠে গেছে, তার মানে সে কিছু অনুভব করেছিল।”

সিটির রক্ষণে চোট সমস্যা আছে আগে থেকেই। ডিফেন্ডার জন স্টোন্স দলের বাইরেই আছেন; ঊরুর চোটে তিনি খেলতে পারেননি গত ছয় ম্যাচে। আর নাথান আকে ফিটনেস সমস্যায় ভুগছেন। চেলসির বিপক্ষে ৮১তম মিনিটে দিয়াসের বদলি নামেন ডাচ লেফট-ব্যাক আকে।

দলে চোটাক্রান্ত খেলোয়াড়দের শূন্যতা পূরণে একাডেমির আরও খেলোয়াড়দের ডাকতে হবে বলে মনে করছেন গুয়ার্দিওলা।

“আজ আমাদের বেঞ্চের দিকে খেয়াল করেছেন? চার জন খেলোয়াড় আছে একাডেমির এবং এখন আমাদের আরও ডাকতে হবে। আমাদের যথেষ্ট খেলোয়াড় নেই।”

টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়েও বেশ খানিকটা পিছিয়ে পড়েছে সিটি। ২০ রাউন্ড শেষে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। 

তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে সিটি ও অ্যাস্টন ভিলা।