নেদারল্যান্ডসের বিপক্ষে নাও খেলতে পারেন এমবাপে
পোল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরতে পারেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড।
প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে নাক ভেঙে ফেলা কিলিয়ান এমবাপেকে ফ্রান্সের পরের ম্যাচে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন-এর খবর, নেদারল্যান্ডসের বিপক্ষে নাও খেলতে পারেন এই তারকা।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সোমবার ম্যাচের শেষ দিকে অস্ট্রিয়ার ডিফেন্ডার কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষে এমবাপের নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়। তাকে তুলে নেন কোচ। পরে ফ্রান্স ফুটবল ফেডারেশন নিশ্চিত করে, নাক ভেঙেছে তার, তবে অস্ত্রোপচারের প্রয়োজন নেই। যখন ফিরবেন, মাস্ক পরে খেলতে পারেন তিনি।
আগামী শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে ফ্রান্স। সূত্র ইএসপিএনকে বলেছে, এই ম্যাচে এমবাপের খেলা নিয়ে রয়েছে বড় শঙ্কা। যদিও এমবাপের আশা, খেলতে পারবেন তিনি।
এই ফরোয়ার্ডকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ফ্রান্স। শুক্রবারের ম্যাচে তার খেলার সম্ভাবনা তাই খুব ক্ষীণ। ২৫ জুন পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন তিনি।
অস্ট্রিয়ার আত্মঘাতী গোলে ম্যাচটি ১-০ ব্যবধানে জিতে টুর্নামেন্টে শুভসূচনা করেছে ফ্রান্স। ২০১৮ বিশ্বকাপ জয়ের পর থেকে প্রথম বড় শিরোপার খোঁজে আছে দিদিয়ে দেশমের দল।
ম্যাচের পর ডুসেলডর্ফের একটি হাসপাতালে নেওয়া হয় এমবাপেকে। পরে তিনি সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্ট করেন, ‘মাস্কের ব্যাপারে কোনো পরামর্শ?’
