১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে কিংস

ইমানুয়েল সানডের একমাত্র গোলে সিরিয়ার ক্লাব আল কারামাহকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়ে ‘প্রধান কোচ’কে ছাড়া খেলা দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2025, 10:52 AM

Updated : 26 Aug 2026, 01:34 PM

ডাগআউটে ছিলেন না প্রধান কোচ! সহকারী কোচ সৈয়দ গোলাম জিলানী ও মাহবুব হোসেন রক্সি ধরলেন দলের হাল। এমন বিরূপ পরিস্থিতিতেও এএফসি চ্যালেঞ্জ লিগে নিজেদের লক্ষ্যটা ঠিকই পূরণ করে নিল বসুন্ধরা কিংস। সিরিয়ার দল আল কারামাহকে হারিয়ে জায়গা করে নিল মূল পর্বে।

কাতারের দোহায় মঙ্গলবার প্লে-অফ ম্যাচে আল কারামাহকে ১-০ গোলে হারায় কিংস। জয়সূচক গোলটি করেন এ মৌসুমে মোহামেডান থেকে কিংসে যোগ দেওয়া ইমানুয়েল সানডে।

সের্জিও ফারিয়াসের এই ম্যাচ দিয়ে কিংসের কোচ হিসেবে অভিষেকের কথা ছিল। কিন্তু এই ব্রাজিলিয়ান শেষ মুহূর্তে সিদ্ধান্তে বদলে কিংসে যোগ দেননি, বেছে নিয়েছেন ইরাকের একটি ক্লাবকে। এমন পরিস্থিতিতে কিংস খেলেছে দুই সহকারী কোচ সৈয়দ গোলাম জিলানী ও মাহবুব হোসেন রক্সির ছকে।

দুই নাইজেরিয়ানের দারুণ বোঝাপড়ায় ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় কিংস। বক্সের ভেতরে ইমানুয়েল টনির পাসে প্লেসিং শটে সানডে পরাস্ত করেন কারামাহ গোলকিপারকে। এই গোল শেষ পর্যন্ত আগলে রেখে জিতে কিংস।

এ ম্যাচ দিয়ে কিংসের জার্সিতে অভিষেক হয়েছে কিউবা মিচেলের। সান্ডারল্যান্ডের যুব দলে খেলা এই বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার ৬৫ মিনিটে বদলি নামেন। ম্যাচের শেষ দিকে তার কর্নারে রাকিব হোসেনের হেড গোলকিপার ঝাঁপিয়ে না ফেরালে কিংসের জয়ের ব্যবধান বাড়তে পারত।

অক্টোবরে শুরু হবে চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব, এর ড্র হবে আগস্টে। মুরাস ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে আবাহনী হেরে যাওয়ায় বসুন্ধরা কিংসই এখন এই আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।