২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথগেটই থাকছেন ইংল্যান্ডের কোচ

২০২৪ সালের শেষ পর্যন্ত গ্যারেথ সাউথগেটের সঙ্গে চুক্তি রয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2022, 06:58 PM

Updated : 18 Dec 2022, 06:58 PM

বিশ্বকাপে ইংল্যান্ডের পথচলা কোয়ার্টার-ফাইনালে থেমে গেলেও কোচ গ্যারেথ সাউথগেটের ওপর আস্থা রাখছে দেশটির ফুটবল ফেডারেশন। ২০২৪ সাল পর্যন্ত এই ইংলিশ কোচকে দায়িত্বে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। 

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এক বিবৃতিতে রোববার বিষয়টি নিশ্চিত করেছে। 

কাতার আসরের শেষ আটে ফ্রান্সের বিপক্ষে হেরে ইংল্যান্ডের বিদায়ের পর সাউথগেটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এবার সব জল্পনার অবসান ঘটল। 

২০১৬ সালে ইংল্যান্ডের দায়িত্ব নেওয়া সাউথগেট গত বছরের নভেম্বরে ২০২৪ সালের শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ান। তার হাত ধরে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সেমি-ফাইনালে খেলার পর গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয় ইংল্যান্ড। 

তারপরও বিভিন্ন সময়ে তার কোচিং নিয়ে উঠেছে প্রশ্ন। ৫২ বছর বয়সী এই কোচের বিরুদ্ধে সমালোচনা জোরাল হয় ২০২২-২৩ উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বে ৬ ম্যাচে জয়শূন্য (তিনটি করে ড্র ও হার) থেকে ইংল্যান্ড দ্বিতীয় স্তরে নেমে যাওয়ায়। ওই ছয় ম্যাচের পাঁচটিতে ওপেন প্লে থেকে গোল করতে ব্যর্থ হয় ইংলিশরা। 

ফলে কাতার বিশ্বকাপের আগে থেকে চাপের মুখে ছিলেন সাউথগেট। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দারুণ খেলে শেষ আটে জায়গা করে নেয় তার দল। কিন্তু সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে ২-১ গোলে হারে তারা। এই বিশ্বকাপে ১৩ গোল করে ইংলিশরা, ফাইনালের আগ পর্যন্ত আসরে যা সর্বোচ্চ। 

ফ্রান্স ম্যাচের পর নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে সাউথগেট বলেছিলেন, দলের পারফরম্যান্স পর্যালোচনার পর এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।