‘পরিবর্তন আনতে হবে’, টানা তিন ম্যাচে পয়েন্ট হারিয়ে হতাশ এমবাপে
লা লিগায় দলের পারফরম্যান্স নিয়ে বিরক্তি প্রকাশ করলেন রেয়াল মাদ্রিদ তারকা।
সুযোগ এসেছিল লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করার। কিন্তু কাজে লাগাতে পারেনি রেয়াল মাদ্রিদ। বরং আবারও পয়েন্ট হারিয়ে লিগে হতাশাময় যাত্রা আরও দীর্ঘ হয়েছে তাদের। দলের পারফরম্যান্সে খুবই হতাশ ফরাসি তারকা কিলিয়ান এমবাপে।
সবশেষ রোববার অবনমন অঞ্চলের দল জিরোনার মাঠে ১-১ ড্র করে শাবি আলোন্সোর দল। প্রথমার্ধের শেষ দিকে রেয়ালকে হতবাক করে স্বাগতিকদের এগিয়ে নেন ওনাহি। দ্বিতীয়ার্ধে এমবাপের পেনাল্টি গোলে হার এড়াতে পারে প্রতিযোগিতাটির সফলতম দলটি।
লিগে টানা তিন ম্যাচ ড্র করেছে রেয়াল এবং তিনটি ম্যাচই প্রতিপক্ষের মাঠে।
গত অক্টোবরের শেষ দিকে ক্লাসিকোয় বার্সেলোনাকে হারিয়ে ৫ পয়েন্টে এগিয়ে গিয়েছিল রেয়াল। পরের চার ম্যাচের কেবল একটিতে জিততে পেরেছে মাদ্রিদের দলটি।
এখন ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী বার্সেলোনা। চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে শাবি আলোন্সোর দল।
এবারের লা লিগায় এখন পর্যন্ত ১৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা হলেও দলের ফর্ম নিয়ে বিরক্ত এমবাপে। জিরোনা ম্যাচের পর ইনস্টাগ্রাম পোস্টে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড লেখেন, দ্রুত পরিস্থিতি পরিবর্তন করতে হবে তাদের।
“আজ রাতে যেমন ফলাফল আমরা চেয়েছিলাম, তেমনটা হয়নি... আমাদের পরিস্থিতি পরিবর্তন করতে হবে এবং দেখাতে হবে দল হিসেবে আমরা কারা।”
লা লিগায় নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার আথলেতিক বিলবাওয়ের মাঠে খেলবে রেয়াল মাদ্রিদ।
