অ্যাঙ্কেলে চোট পেয়েছেন এমবাপে
ফরাসি ফরোয়ার্ডের চোট কতটা গুরুতর, নিশ্চিত করে বলতে পারেননি রেয়াল মাদ্রিদ কোচ।
গোল করার পরপরই পায়ের সমস্যা নিয়ে মাঠ ছেড়ে যান কিলিয়ান এমবাপে। ম্যাচ শেষে জানা যায়, অ্যাঙ্কেলের সমস্যায় ভুগছেন তিনি। রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো যদিও এই ফরোয়ার্ডের অবস্থা নিয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে ভিয়ারেয়ালের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে রেয়াল। ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলের পর ৮১তম মিনিটে তৃতীয় গোলটি করেন এমবাপে।
ব্রাহিম দিয়াসের পাস পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড। ক্লাব ও জাতীয় দলের হয়ে ক্যারিয়ারে সর্বোচ্চ টানা ৯ ম্যাচে গোল করার কীর্তি গড়লেন এই তারকা।
তবে দুই মিনিট পরই চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এমবাপে। তার জায়গায় নামেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শাবি আলোন্সো জানালেন, কিছুটা অস্বস্তি আছে এমবাপের।
“আমি এটা (এমবাপে ফ্রান্স দলে যোগ দেবে না) বলতে পারি না। এই মুহূর্তে কিছুটা অস্বস্তি বোধ করছে সে। জাতীয় দলের চিকিৎসকরা তা মূল্যায়ন করবেন। আমরা আশা করি, এটা গুরুতর কিছু নয়। কিন্তু এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”
এবারের আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে ফ্রান্স। আগামী শুক্রবার তারা মুখোমুখি হবে আজারবাইজানের। তিন দিন পর দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আইসল্যান্ড। ‘ডি’ গ্রুপে প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স।
চলতি মৌসুমে ক্লাব ফুটবলে ১০ ম্যাচ খেলেই ১৪ গোল করা এমবাপে মাঠের বাইরে ছিটকে গেলে, রেয়াল মাদ্রিদ ও ফ্রান্সের জন্য অনেক বড় ধাক্কা।
রেয়াল মাদ্রিদের পরের ম্যাচ আগামী ১৯ অক্টোবর, লা লিগায় গেতাফের বিপক্ষে। ৮ ম্যাচে ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে তারা আপাতত টেবিলের শীর্ষে আছে।
