১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উলভস ম্যাচে মাউন্টের পারফরম্যান্সে মুগ্ধ ম্যানচেস্টার ইউনাইটেড কোচ

তবে ইংলিশ মিডফিল্ডারের এমন পারফরম্যান্সে অবাক হননি হুবেন অ্যামুরি।

উলভস ম্যাচে মাউন্টের পারফরম্যান্সে মুগ্ধ ম্যানচেস্টার ইউনাইটেড কোচ
ম্যাসন মাউন্ট (বাঁয়ে) ও হুবেন অ্যামুরি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 04:02 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

রক্ষণ সামলানোয় সহায়তা করা, আক্রমণের সুর বেঁধে দেওয়া এবং নিজে গোল করা; উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে উড়িয়ে দেওয়ার ম্যাচে সবই করেছেন ম্যাসন মাউন্ট। ইংলিশ মিডফিল্ডারের এমন পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হুবেন অ্যামুরি।

প্রতিপক্ষের মাঠে সোমবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ ব্যবধানে জেতে ইউনাইটেড। ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলে সেরার পুরস্কার জিতে নেন মাউন্ট।

৬৪ শতাংশ সময় বল দখলে রেখে আক্রমণের ঝড় তোলে ইউনাইটেড। গোলের উদ্দেশ্যে ২৫টি শট নেয় তারা, যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি।

আক্রমণাত্মক শুরু করে সাফল্যও দ্রুত পায় ইউনাইটেড। ২৫তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের গোলে এগিয়ে যায় তারা। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল হজম করে বসে দলটি। তাতে অল্প সময়ের জন্য হলেও আরেকটি ম্যাচে জয়হীন থাকার শঙ্কা জাগে অ্যামুরির দলের।

তবে দ্বিতীয়ার্ধে আরও দাপুটে পারফরম্যান্স উপহার দেয় ইউনাইটেড। একের পর এক আক্রমণে স্বাগতিকদের কোণঠাসা করে রাখে তারা। ৫১তম মিনিটে পাল্টা আক্রমণে ওল্ড ট্র্যাফোর্ডের দলটিকে ফের এগিয়ে নেন ব্রায়ান এমবুমো।

মিনিট দশেক পর ফের্নান্দেসের দারুণ পাসে ব্যবধান দ্বিগুণ করেন মাউন্ট। প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে গত মার্চের পর প্রথমবার দুই গোলে এগিয়ে গেল ইউনাইটেড। শেষ দিকে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ফের্নান্দেস।

ম্যাচ শেষে মাউন্টকে স্তুতির জোয়ারে ভাসান অ্যামুরি। ২৬ বছর বয়সী এই ফুটবলারের দ্যুতিময় পারফরম্যান্স অবশ্য অবাক করেনি পর্তুগিজ এই কোচকে।

“সে রক্ষণ সামলাতে পারে, আক্রমণ করতে পারে, বল পায়ে সে অসাধারণ। তাই এটা (মাউন্টের পারফরম্যান্স) আমার কাছে অবাক হওয়ার মতো কিছু নয়।”

“সে ভিন্ন ধরনের নেতা। লিচার (লিসান্দ্রো মার্তিনেস) মতো নয়। পরিস্থিতি যাই হোক না কেন, ম্যাসন মাউন্ট সবসময় একই রকম- অনুশীলন করা, কথা বলা…এটা সহজ নয়, সে খুব ভালো একজন খেলোয়াড়।”

এই জয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে উঠেছে ইউনাইটেড। ১৫ ম্যাচে ৭ জয় ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট ২৫। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে পাঁচে চেলসি।

প্রথম চার স্থানে আছে যথাক্রমে আর্সেনাল (৩৩ পয়েন্ট), ম্যানচেস্টার সিটি (৩১ পয়েন্ট), অ্যাস্টন ভিলা (৩০ পয়েন্ট) ও ক্রিস্টাল প্যালেস (২৬ পয়েন্ট)।