স্প্যানিশ ফুটবল
Published : 20 Dec 2024, 11:27 PM
লা লিগায় বর্তমানে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্বে থাকা কোচ দিয়েগো সিমেওনে। আতলেতিকো মাদ্রিদকে দুইবার লিগ শিরোপা জিতিয়েছেন তিনি। কিন্তু বার্সেলোনার মাঠে কখনও জয়ের স্বাদ তিনি পাননি। এবার দীর্ঘ সেই খরা কাটাতে মরিয়া এই আর্জেন্টাইন কোচ।
লিগের হাইভোল্টেজ ম্যাচে শনিবার বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে খেলবে আতলেতিকো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
গত নভেম্বরের শুরুতেও লিগ টেবিলে আতলেতিকোর চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু সবশেষ ছয় ম্যাচের স্রেফ একটিতে জিতেছে হান্সি ফ্লিকের দল। আতলেতিকো জিতেছে সবশেষ ছয় ম্যাচের সবকটি। দুই দলের পয়েন্ট এখন সমান। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। গোল পার্থক্যে দুইয়ে আছে এক ম্যাচ কম খেলা আতলেতিকো।
সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সবশেষ ১১ ম্যাচেই জিতেছে মাদ্রিদের দলটি। এমন ধারাবাহিক পারফরম্যান্সের জন্য দলীয় ঐক্যকে বড় করে দেখছেন সিমেওনে।
“মাস দেড়েক ধরে আমরা যা বলছি, আমাদের দলটি একটি গ্রুপ হিসেবে দারুণ কাজ করছে, প্রতি ম্যাচে প্রতিপক্ষকে আঘাত করার, প্রতিদ্বন্দ্বিতা করার এবং উন্নতি করার সুযোগ খুঁজছে।”
“আমরা এমন একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি, যারা খুব ভালো খেলে, তরুণদের নিয়ে গড়া তাদের মাঝমাঠ ভালো লাগে আমার। রাফিনিয়া তার সাহস এবং খেলার ধরনের জন্য লিগের সেরাদের একজন হয়ে উঠছে। এমন একটি ম্যাচের জন্য আমাদের প্রাণশক্তি আছে, অবশ্যই বিনোদনদায়ী ম্যাচ হবে।”
সিমেওনে আতলেতিকোর দায়িত্বে আছেন ২০১১ সাল থেকে। ২০০৬ সালের পর থেকে বার্সেলোনার মাঠে জিততে পারেনি দলটি। ২০১৩-১৪ মৌসুমের শেষ রাউন্ডে কাম্প নউয়ে বার্সেলোনার সঙ্গে ১-১ ড্র করে লিগ শিরোপা জিতেছিল তারা। সিমেওনে ফিরে গেলেন এক যুগ আগের সেই স্মৃতিতে।
“আমার জীবনে সেখানে (বার্সেলোনার মাঠে) জিততে পারিনি। আমি সব জায়গায় জিতেছি এবং সেখানে লিগ জিতেছি।”