২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও ফ্রান্সের বর্ষসেরা এমবাপে

ক্যারিয়ারে চতুর্থবারের মতো পুরস্কারটি জিতলেন বিশ্বকাপ জয়ী এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2024, 08:52 PM

Updated : 26 Aug 2026, 11:07 AM

পিএসজিতে নিজের শেষ মৌসুমেও দারুণ পারফরম্যান্স উপহার দেন কিলিয়ান এমবাপে। এবার সেটির স্বীকৃতি পেলেন তিনি। আবারও ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন বিশ্বকাপ জয়ী তারকা।

২০২৩-২৪ মৌসুমের জন্য সেরা হিসেবে শনিবার এমবাপের নাম ঘোষণা করা হয়। এই নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর এই পুরস্কার জিতলেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড।

১৯৫৯ সাল থেকে বর্ষসেরার এই পুরস্কার দিয়ে আসছে ফ্রান্স ফুটবল। শুরুতে শুধু ফ্রান্সে খেলা ফরাসি ফুটবলারদের দেওয়া হতো পুরস্কারটি। ১৯৯৬ সাল থেকে ফ্রান্সের বাইরে খেলা ফরাসি ফুটবলারদেরও পুরস্কারের জন্য বিবেচনা করা হয়।

আগে খেলোয়াড়দের পঞ্জিকাবর্ষের পারফরম্যান্সের হিসাব ধরা হলেও, ২০২৩ সালে নিয়মে পরিবর্তন এনে গোটা একটি মৌসুমকে বিবেচনায় নেওয়া হচ্ছে। 

এর আগে ২০১৮ ও ২০১৯ সালের এবং ২০২২-২৩ মৌসুমের পারফরম্যান্সের জন্য পুরস্কারটি জিতেছিলেন এমবাপে।

পিএসজিতে ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি করেন ৫২ গোল। সেবার তিনি ষষ্ঠবারের মতো জেতেন লিগ আঁ শিরোপা, ফরাসি কাপ জয়ের স্বাদও পান।

ভোটে এমবাপের পেছনে থেকে দ্বিতীয় হয়েছেন আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা। এসি মিলান গোলরক্ষক মাইক মিয়াঁ হয়েছেন তৃতীয়। এমবাপের বর্তমান ক্লাবের দুই সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গা চতুর্থ ও অহেলিয়া চুয়ামেনি পঞ্চম হয়েছেন।

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে গত গ্রীষ্মে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে রেয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপে। এই মৌসুমে স্পেন ও ইউরোপ চ্যাম্পিয়নদের হয়ে এখন পর্যন্ত ২২ ম্যাচে ১২টি গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন তিনি। 

গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে ৩-২ গোলে জেতা ম্যাচে ঊরুতে চোট পাওয়ায় শনিবার লা লিগায় রায়ো ভাইয়েকানোর বিপক্ষে খেলতে পারবেন না এমবাপে। আগামী বুধবার কাতারের দোহায় ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।