১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

এশিয়া কাপে ভালো করে বিশ্বকাপ বাছাইয়ে খেলার আশা হকি অধিনায়কের

দুই বছর পর জাতীয় হকি দলের অধিনায়কত্ব ফিরে পেয়ে দারুণ রোমাঞ্চিত রেজাউল করিম বাবু।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 10:09 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

গ্রুপ পর্বেই লড়তে হবে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া ও রানার্সআপ মালয়েশিয়ার বিপক্ষে। তবে এশিয়া কাপে কঠিন চ্যালেঞ্জে আত্মবিশ্বাস হারাচ্ছেন না রেজাউল করিম বাবু। দুই বছর পর বাংলাদেশ জাতীয় হকি দলের অধিনায়কত্ব ফিরে পাওয়ার রোমাঞ্চ নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা করে নেওয়ার আশাবাদও ব্যক্ত করলেন তিনি।

ভারতের বিহারে আগামী ২৯ আগস্ট শুরু হবে এশিয়া কাপ হকির এবারের আসর। চ্যাম্পিয়ন দল সরাসরি আগামী বছর নেদারল্যান্ডস-বেলজিয়ামে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার টিকেট পাবে। আট দলের মধ্যে সেরা পাঁচে থাকা দলগুলো পাবে বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ।

পাকিস্তান ও ওমান আসর থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশ ও কাজাখস্তানের সামনে এবারের টুর্নামেন্টে খেলার সুযোগ এসেছে আচমকাই। এই সুযোগই এখন লুফে নিতে চান রেজাউল। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রস্তুতির ফাঁকে বুধবার তিনি বললেন দলের প্রতি অটুট আস্থা থাকার কথা।

“বর্তমান দলটা সিনিয়র জুনিয়র মিলে করা হয়েছে। সিনিয়ররা অভিজ্ঞ, জুনিয়ররা ফিজিক্যালি আমাদের চেয়ে ফিট। যদি আমরা তাদের সঠিক গাইডলাইন দিতে পারি, কোচ আমাদের যে পরিকল্পনা দিয়েছেন সেটা যদি প্রয়োগ করতে পারি, তাহলে অবশ্যই ভালো কিছু হবে।”

এবারের প্রতিযোগিতা সামনে রেখে বুধবার ১৮ জনের দল দিয়েছেন কোচ সিগফ্রেড গোত্তালিয়েব আইকম্যান। কৌশিক-নাঈমের মতো অভিজ্ঞদের জায়গা হয়নি দলে। রেজাউল অবশ্য নতুনদের নিয়েই আশা করছেন কঠিন বৈতরণী পার হওয়ার।

“অভিজ্ঞ খেলোয়াড়েরা যদি ফিজিক্যালি ফিট থাকতো, তাহলে দলের জন্য তারাই সেরা ছিল। ১০-১২ দিনের মধ্যে একটা খেলোয়াড় ফিট হতে পারে না। যেহেতু অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড়েরা অনেক দিন ধরে অনুশীলনের মধ্যে আছে। ওরাই ফিজিক্যালি ফিট। ওদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তারা ভালো বলেই দলে আছে। আর এখানে কোনো চাপ নেই। যেহেতু আমরা আগে জায়গা পাইনি, হারানোর কিছু নেই, তবে পাওয়ার অনেক কিছু আছে।”