১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রোঞ্জ হারানোর হতাশা বাংলাদেশের, পদকের হাসি ইরান ও উজবেকিস্তানের

আসরে প্রথম পদক পাওয়ার হাতছানি থাকলেও পেরে ওঠেননি বন্যা আক্তার, কুলসুম আক্তার ও পুষ্পিতা জামান।

ব্রোঞ্জ হারানোর হতাশা বাংলাদেশের, পদকের হাসি ইরান ও উজবেকিস্তানের
বাংলাদেশকে হারিয়ে কম্পাউন্ড নারী দলগত বিভাগে ব্রোঞ্জ জয়ের আনন্দ ইরানিদের। ছবি: বাংলাদেশ আর্চারি ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 06:47 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

প্রথম সেট হারের পর দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতল বাংলাদেশ। তৃতীয় সেট ড্র হওয়ায় ম্যাচের ভাগ্য গড়াল চতুর্থ সেটে। সেখানে লড়াই জমাতে পারলেন না বন্যা আক্তার, কুলসুম আক্তার ও পুষ্পিতা জামান। কম্পাউন্ড নারী দলগত বিভাগে ইরানের বিপক্ষে হেরে ব্রোঞ্জ পাওয়া হলো না বাংলাদেশের।

জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসে সোমবার দুটি পদকের নিষ্পত্তি হয়েছে। 

রিকার্ভ পুরুষ দলগত বিভাগে কাজাখস্তানকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে চলতি আসরের প্রথম পদক পেয়েছে উজবেকিস্তান। এরপর দিনের দ্বিতীয় পদক ইরান জিতেছে বাংলাদেশেকে হারিয়ে।

কম্পাউন্ড নারী দলগত বিভাগে শুরুটা ভালো ছিল বাংলাদেশের। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে কাজাখস্তানকে ২৩০-২২৬ স্কোরে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছিল দল। সেখানে ভারতের বিপক্ষে ২৩৪-২২৭ স্কোরে হেরে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে ইরানের মুখোমুখি হয় বাংলাদেশ। আশা জাগিয়েও ২২৭-২২৪ ব্যবধানে হেরে গেল স্বাগতিক দল।

রিকার্ভ পুরুষ দলগত বিভাগেও শুরুটা ভালো ছিল সাগর ইসলাম, রাকিব মিয়া ও রাম কৃষ্ণ সাহাকে নিয়ে গড়া বাংলাদেশ দলের। তবে এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ভিয়েতনামকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দেওয়ার পর, শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-৩ সেট পয়েন্টে হেরে সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।

সকালে সেশনেও মিশ্র অনুভূতি নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশের আর্চাররা। রিকার্ভ মহিলা এককে সোনালি রায়, সীমা আক্তার শিমু, ইতি খাতুন ও মনিরা আক্তার পেরিয়েছেন এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ।  

সোনালি ৬-৫ সেট পয়েন্টে কাজাখস্তানের দিয়ানা তুরসুনবেককে, শিমু ৬-৪ ব্যবধানে একই দেশের ইয়েলিজাভেতা আভদিয়েভাকে, ইতি ৬-৪ সেট পয়েন্টে মালয়েশিয়ার মাশাইখ সায়েকিয়েরাকে এবং মনিরা ৭-৩ সেট পয়েন্টে চীনের কাই ইউফেংকে হারিয়েছেন।

রিকার্ভ পুরুষ এককে এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ‘বাই’ পাওয়া রাকিব মিয়া চাইনিজ তাইপের লিউ তাই-ইয়েনকে ৬-৪ সেট পয়েন্টে এবং আব্দুর রহমান আলিফ মালয়েশিয়ার মুহাম্মাদ হাইকাল দানিশ শিয়ামসুল আফান্দিকে ৬-৫ সেট পয়েন্টে হারিয়ে উঠেছেন সেরা বত্রিশে।

তবে ‘বাই’ পেয়ে এলিমিনেশন রাউন্ড শুরু করা সাগর ইসলাম পেরে ওঠেননি ভিয়েতনামের লে কুয়োক ফংয়ের সাথে। ৬-৪ সেট পয়েন্টে হেরে বিদায় নিয়েছেন এই অলিম্পিয়ান।

কম্পাউন্ড পুরুষ এককে এদিন বিবর্ণ ছিলেন বাংলাদেশের আর্চাররা। নাওয়াজ আহমেদ রাকিব, সোহেল রানা ও মোহাম্মদ আশিকুজ্জামান ছিটকে গেছেন এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ থেকেই।