Published : 27 May 2026, 10:52 PM
অভিজ্ঞ মেমফিস ডিপাই ও ইউরিয়েন টিম্বারের সামর্থ্য নিয়ে প্রশ্নের অবকাশ নেই, তবে তাদের ম্যাচ ফিটনেস নিয়ে সংশয় আছে। তবুও নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তারা।
আসছে বিশ্বকাপের জন্য বুধবার ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন নেদারল্যান্ডসের প্রধান কোচ রোনাল্ড কুমান।
ডাচদের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ৫৫টি গোল করা ডিপাই সাম্প্রতিক সময়ে ঊরু ও পায়ের পেশির চোটে ভুগেছেন এবং গত দুই মাসে তার ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের হয়ে কেবল দুটি ম্যাচে বদলি হিসেবে খেলতে পেরেছেন।
আর আর্সেনাল ডিফেন্ডার টিম্বার অ্যাঙ্কেল ও নিতম্বের চোটে মাসখানেকের বেশি সময় বাইরে থাকার পর, গত সপ্তাহে অনুশীলনে ফিরেছেন।
ফিটনেস নিয়ে অনিশ্চয়তা থাকলেও তাদের অভিজ্ঞতা বড় মঞ্চে দলের জন্য সম্পদ হতে পারে বলে মনে করেন কোচ কুমান।
“আরও কিছু বেশি সময় সে (ডিপাই) খেলতে পারলে ভালো হতো। তবে এপ্রিলে আমি জানতাম না, সে আবার কখন খেলতে পারবে। ইউরিয়েন টিম্বারের মতো সেও (বিশ্বকাপে দলের জন্য) গুরুত্বপূর্ণ হতে পারে।”
“মেমফিসের সামর্থ্যের কারণেই আমি তাকে দলে নিয়েছি। ওই পজিশনে তার মতো কাজ করতে সক্ষম কাউকে আমি দেখি না। আমার বিশ্বাস, সে দলের জন্য একটা সম্পদ হতে পারে; তবে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যা কাটিয়ে উঠতে হবে।”
বিশ্বকাপের আগে আলজেরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস। এই দুই ম্যাচে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড ডিপাই নিজের ফিটনেস প্রমাণ করতে পারলেই মূল আসরে শুরুর একাদশে সুযোগ পাবেন, এটাও সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন কুমান।
আগামী ১৪ জুন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে নেদারল্যান্ডসের। ‘এফ’ গ্রুপের অন্য দুই দল সুইডেন ও তিউনিসিয়া।