তিন গোলে জিতেও দলের ওপর বিরক্ত বার্সা কোচ
বড় জয় দিয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করলেও ফুটবলারদের একহাত নিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
প্রত্যাশিত জয় দিয়ে শুরু হয়েছে লিগ শিরোপা ধরে রাখার অভিযান। প্রতিপক্ষের মাঠে জয়ের ব্যবধানও বেশ বড়। তারপরও বার্সেলোনার পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নন হান্সি ফ্লিক। এগিয়ে যাওয়ার পর মানসিকতায় ঢিল দেওয়া আর ৯ জনের দলের বিপক্ষে আরও গোল করতে না পারায় বার্সেলোনা কোচ একহাত নিলেন তার ফুটবলারদের।
লা লিগায় নতুন মৌসুম শুরুর ম্যাচে রেয়াল মায়োর্কার বিপক্ষে শনিবার ২৩ মিনিটের মধ্যে বার্সেলোনা এগিয়ে যায় ২-০ গোলে। গত মৌসুমের নায়ক রাফিনিয়া সপ্তম মিনিটে গোল করার পর জালের দেখা পান ফেররান তরেস।
৩৩ ও ৩৯তম মিনিটে দুটি লাল কার্ডে মায়োর্কা পরিণত হয় ৯ জনের দলে। কিন্তু পরের প্রায় ৫৫ মিনিটে আর গোল বের করতে পারেনি বার্সেলোনা। শেষ দিকে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করেন তরুণ তারকা লামিনে ইয়ামাল।
তিন গোলের জয়ে তিন পয়েন্ট পেলেও ম্যাচ শেষে কোচ ফ্লিক অকপটেই বললেন, দলের খেলায় মোটেও খুশি নন তিনি।
“ম্যাচটি আমার ভালো লাগেনি। তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা পেয়েছি। তবে আমাদের খেলা আমার ভালো লাগেনি। আমরা ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর মায়োর্কা দুটি লাল কার্ড পেল, এরপর আমার মনে হয় আমাদের দল স্রেফ ৫০ শতাংশ দিয়ে খেলেছে। এটা আমি পছন্দ করিনি। আরও ভালো করতে পারি আমরা।”
জয় সম্ভাব্য ধরে নিয়ে প্রচেষ্টায় কমতি রাখা আর পারফরম্যান্সের নানা জায়গার ঘাটতি নিয়ে দলের সঙ্গে কথা বলবেন কোচ ফ্লিক।
“দ্বিতীয়ার্ধে আমাদের তাড়নায় অনেক ঘাটতি ছিল এবং এটা অগ্রহণযোগ্য। ছেলেদের সঙ্গে কথা বলতে হবে আমার। ওদের আয়েশি হতে দেখে আমার ভালো লাগেনি। বলের নিয়ন্ত্রণ আমাদের ছিল, ম্যাচের নিয়ন্ত্রণ ছিল। আরও গোল করতে হতো।”
“৯ জনের দলের বিপক্ষে ৫০-৬০ শতাংশ দিয়ে খেলাটা মেনে নেওয়ার মতো নয়। আরও গতিময় হতে হবে আমাদের, কিছু জায়গায় উন্নতি করতে হবে।”
রেফারিং নিয়ে বরাবরই আলোচনায় থাকা লা লিগার এই ম্যাচেও বিতর্কের জায়গা ছিল বার্সেলোনার দ্বিতীয় গোল নিয়ে। মাথায় চোট পেয়ে পড়ে গিয়েছিলেন মায়োর্কার ডিফেন্ডার আন্তনিও রাইয়ো। তার সতীর্থরাও খেলা থামিয়ে দেন। কিন্তু বার্সেলোনা থামেনি। গোল করেন তরেস।
মায়োর্কার ফুটবলাররা প্রতিবাদ করলেও রেফারি তাতে কান দেননি। ম্যাচের পর ফ্লিক বললেন, নিজের দলকে তিনি সবসময় পরামর্শ দেন রেফারির বাঁশি শুনেই কাজ করতে।
“আমি আমার ফুটবলারদের সবসময় বলে থাকি যে, রেফারি বাঁশি না বাজানো পর্যন্ত খেলা চালিয়ে যেতে। মাঠে সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রেফারিই আছেন। আমাদেরকে তা মেনে নিতে হবে। আমি ওদেরকে সমবসময় বলি রেফারি না থামানোর আগ পর্যন্ত যেন না থামে। মনোযোগ যাতে শেষ পর্যন্ত ধরে রাখে। এটা অবশ্যই গোল ছিল।”
বার্সেলোনার পরের ম্যাচ লেভান্তের মাঠে আগামী শনিবার।
