২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সিঙ্গাপুর পৌঁছেছে মেয়েরা, প্রস্তুতি শুরু মঙ্গলবার

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ে বুধবার প্রথম ম্যাচ খেলবে মেয়েরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2023, 07:54 PM

Updated : 24 Apr 2023, 07:54 PM

তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচ একদিন পরই। তবে সিঙ্গাপুরে পৌঁছে ফুরফুরে মেজাজে আছে মেয়েরা। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, মঙ্গলবার এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই শুরু করবে দল। 

বাছাইয়ে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বুধবার তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে গোলাম রব্বানী ছোটনের দলের প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর। 

বয়সভিত্তিক এই প্রতিযোগিতার বাছাইয়ের পথটা মসৃণ নয় বাংলাদেশের জন্য। শুরুর এই ধাপ পেরুতে হতে হবে গ্রুপ সেরা। এরপর দ্বিতীয় ধাপ পেরিয়ে উঠতে হবে মূল পর্বে। প্রথম ধাপের বাছাই সামনে রেখে সোমবার সিঙ্গাপুর পৌঁছেছে দল। ঘুম, বিশ্রাম, হোটেলের চারপাশে ঘোরাঘুরি করেই দিন পার করেছে মেয়েরা। 

ছোটখাটো একটা টিম মিটিংও হয়েছে। সেখানে কোচ তুলে ধরেছেন প্রথম ধাপ নিয়ে নিজের ভাবনা, প্রত্যাশা। টিম ম্যানেজার জানিয়েছেন, মাঠের প্রস্তুতি শুরুর দিনক্ষণ। 

“মেয়েরা সবাই সুস্থ আছে। মেয়েদের আজ বিশ্রাম দেওয়া হচ্ছে। ছোট একটা টিম মিটিংও হয়েছে। আজকে আমাদের কোনো অনুশীলন হয়নি। যেহেতু ২৬ তারিখে খেলা, আগামীকাল আমরা প্র্যাকটিস সেশন রেখেছি। ম্যাচের দিকেই মনোযোগ আছে মেয়েদের। কিভাবে দুইটা ম্যাচ বের করে আনা যায়, সেদিকে সজাগ দৃষ্টি রাখছে তারা।” 

“তুর্কমেনিস্তান ও সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের যে দুইটি ম্যাচ আছে, তা যেন বের করে (জিততে) আনতে পারি, সে জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি। আমাদের জন্য দোয়া করবেন।” 

বয়সভিত্তিক এই প্রতিযোগিতা সবশেষ ২০১৯ সালে হয়েছিল অনূর্ধ্ব-১৬ বয়সীদের নিয়ে। সেবার বাছাইয়ের দুই ধাপ পেরিয়ে মূল পর্বে খেলেছিল মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিনশিপস নামে হওয়া ওই প্রতিযোগিতায় মূল পর্বের অভিজ্ঞতা অবশ্য সুখকর ছিল না বাংলাদেশের জন্য। 

থাইল্যান্ডের চোনবুরিতে হওয়া ওই আসরে স্বাগতিক থাইল্যান্ড ও জাপানের কাছে হেরেছিল বাংলাদেশ। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের আশা জাগিয়ে ২-২ ড্র করেছিল দল।