২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোপা আমেরিকায় ইউরোপের দেশ দেখতে চান স্কালোনি

লাতিন আমেরিকা ও ইউরোপের ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অন‍্য মহাদেশের অতিথি দল দেখতে চাইলেন আর্জেন্টিনা কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2024, 12:47 PM

Updated : 26 Aug 2026, 09:57 AM

ফুটবলে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের বড় দুই টুর্নামেন্ট- ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা। দুই প্রতিযোগিতার যে কোনো আসরেই চলে আসে তুলনা। কেউ কেউ এগিয়ে রাখেন ইউরোকে। কেউ আবার কথা বলেন কোপার পক্ষে। লিওনেল স্কালোনির ভাবনা কিছুটা ভিন্ন। দুই মহাদেশের দলগুলোকে একসঙ্গে একই টুর্নামেন্টে খেলার কথা বললেন আর্জেন্টিনা কোচ।

ইউরো শুরুর আগে ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপে বলেছিলেন, এই টুর্নামেন্ট জেতাই সবচেয়ে কঠিন। বিপরীতে লিওনেল মেসি বলেন, একাধিকবার বিশ্বকাপ জেতা লাতিন আমেরিকান দলগুলো না খেলায় ইউরোকে সবচেয়ে কঠিন বলা যুক্তিসঙ্গত নয়। স্কালোনি অবশ্য তুলনার আলোচনায় যেতেই রাজি নন। 

কানাডার বিপক্ষে সেমি-ফাইনালের আগে সংবাদ সম্মেলনে সব মহাদেশের দল নিয়ে হওয়া বিশ্বকাপ জেতার কথা মনে করিয়ে দেন আর্জেন্টিনা কোচ।

“আমার মনে হয় না, কোনো প্রতিযোগিতা থেকে কোনো প্রতিযোগিতা বেশি কঠিন। কিছু দল ইউরোর সেমি-ফাইনালে উঠেছে, তাদের আমরা বিশ্বকাপে মোকাবিলা করেছি এবং আমাদের পক্ষে সেটি ভালো ছিল। তার মানে এই না যে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ গিয়ে জিতে যাব।”

তবে প্রতিযোগিতার মাত্রা বুঝতে ইউরোপিয়ান দেশগুলোকে কোপা আমেরিকায় খেলতে দেখার ইচ্ছার কথাও বলেন স্কালোনি। 

“অথবা হ্যাঁ (আমরা হয়তো জিততে পারতাম)। আমার মতে, (দুই টুর্নামেন্টের) মান খুবই কাছাকাছি। কোপা আমেরিকায় খেলাটা কেমন তা দেখানোর জন্য ইউরোপিয়ান দলগুলোকে কোপায় আমন্ত্রণ জানানো হলে খুশি হতাম এবং উল্টোটাও (কোপার দলগুলোকে ইউরোতে আমন্ত্রণ)।” 

“কিন্তু সেটা তো বিশ্বকাপ হয়ে যাবে, তাই না? তো দিন শেষে চ্যালেঞ্জটা একই। আমার মনে হয় না, সত‍্যিই খুব বেশি পার্থক্য আছে। তবে এগুলো স্রেফ মতামতই।”

চলতি কোপা আমেরিকায়ও অবশ্য লাতিন অঞ্চলের বাইরেও আমন্ত্রণমূলক অতিথি হিসেবে খেলেছে কনকাকাফের ৬টি দেশ- স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, জ্যামাইকা, কোস্টা রিকা ও পানামা। 

এদের মধ্যে কানাডা পৌঁছেছে সেমি-ফাইনালে। শেষ আটে থেমেছে পানামার যাত্রা। বাকিরা থেমে গেছে গ্রুপ পর্বে। তাই দর্শক-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরাও প্রশ্ন তুলেছেন কনকাকাফের দেশগুলোর মান আদৌ কনমেবলের দেশগুলোর মতো কিনা। 

এই প্রসঙ্গে কনকাকাফের দেশগুলোর পাশে দাঁড়ালেন স্কালোনি।  

“(কনকাকাফের দলগুলোর বিপক্ষে) তেমন বাড়তি সুবিধা থাকে না অথবা পার্থক্যও বেশি নয়। আমি অন্তত পার্থক্য দেখি না। একটি গোলের জন্য মেক্সিকো সামনে (কোয়ার্টার-ফাইনাল) যেতে পারেনি। তারা ভালো খেলেছে।”

“আমার মনে হয়েছে, কনকাকাফের দলগুলোও উঁচু মানের এবং সাউথ আমেরিকার দলগুলো থেকে পিছিয়ে নেই। আমি বিশ্বাস করি, লড়াইটা প্রায় সমানে সমান এবং কোস্টা রিকার ক্ষেত্রেও একই। আমরা তাদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছি এবং সেটি কঠিন ছিল।”

নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার লড়াইয়ে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বুধবার ভোর ছয়টায়।