Published : 22 Jun 2023, 04:58 PM
ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান ৯৩ ধাপ। কিন্তু মাঠের লড়াইয়ে প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলে সেই ব্যবধানটাকে তেমন প্রতিফলিত হতে দিচ্ছিল না বাংলাদেশ। শুরু থেকে রক্ষণ জমাট রেখে আটকে রাখে শক্তিশালী লেবাননের আক্রমণভাগকে। কিন্তু ৮০তম মিনিটে হঠাৎই ছন্দপতন। রক্ষণের ভুলে পিছিয়ে পড়ার পর তারা হজম করল আরেকটি গোল। ভুলের চড়া মাশুল গুণে হারল হাভিয়ের কাবরেরার দল।
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বৃহস্পতিবার সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে লেবাননের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। হাসান মাতৌক লেবাননকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন খলিল বাদের।
গত মার্চে সিশেলসের কাছে হারের পর ১৫ জুন কম্বোডিয়াকে হারিয়ে জয়ে ফিরেছিল বাংলাদেশ। এবার ফের হারের তেতো স্বাদ পেল তারা।
অন্যদিকে, ভারতের বিপক্ষে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে হেরে আসার পর লেবানন পেল জয়ের স্বাদ।
ইসা ফয়সালের অভিষেক
এবারই প্রথম প্রাথমিক দল থেকে চূড়ান্ত দলে জায়গা পেয়েছিলেন ইসা ফয়সাল। এই ডিফেন্ডারের জাতীয় দলের জার্সিতে অপেক্ষাও ফুরাল। লেবাননের বিপক্ষে ম্যাচে ২৩ বছর বয়সী ইসাকে রেখেই সেরা একাদশ সাজান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
দ্বাদশ মিনিটে ইসা বাঁ দিক দিয়ে বক্সে ঢোকার চেষ্টায় ফাউলের শিকার হন। অধিনায়ক জামাল ভুঁইয়ার ফ্রি কিক পরীক্ষা নিতে পারেনি লেবানন গোলরক্ষককে।
সাবধানী দুই পক্ষই
শুরু থেকে রক্ষণ সামলে রাখার ছকেই ছিল বাংলাদেশ। লেবানন যে তেড়েফুঁড়ে আক্রমণে উঠছিল তাও নয়। ষোড়শ মিনিটে তপু বর্মনকে কাটিয়ে আলি আল হাজ জোরাল শট নেন, বাংলাদেশ শিবিরে স্বস্তির বাতাস বইয়ে বল বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে।
২১তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম ডান দিক থেকে সুমন রেজার উদ্দেশ্যে ক্রস বাড়ান। গোলরক্ষক আলি সাবেহ অনেকটা লাফিয়ে আটকান। একটু পর জামালের নিচু শট সরাসরি জমে যায় গোলরক্ষকের গ্লাভসে।
দারুণ সেভে ত্রাতা জিকো
৩৫তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল দূরের পোস্টে থাকা খলিল বাদেরের পায়ে গিয়ে পড়ে। লেবাননের এই ফরোয়ার্ডের শট বাঁ দিকে ঝাঁপিয়ে আটকান জিকো।
৪৪তম মিনিটে পাসিং ফুটবলে গোছাল আক্রমণে ওঠে বাংলাদেশ। তপুর পাস ধরে ফাহিম ডান দিক দিয়ে ঢুকে পড়েন বক্সে। দুরূহ কোণ থেকে ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডের শট ফেরান গোলরক্ষক।
তিন পরিবর্তন কাবরেরার
দ্বিতীয়ার্ধের শুরুতে তিনটি পরিবর্তন আনে লেবানন। মোহামেদ সাদেক, আলি হাজ ও হাসান কৌরানিকে তুলে আবিদাইন ফাররান, হাসান মাতৌক ও নাদের মাতারকে নামান কোচ। ৫৫তম মিনিটে ছোট ছোট পাসে কয়েক সতীর্থের পা ঘুরে বল পেয়ে যায় মাতৌক। বদলি এই ফরোয়ার্ডের শট উড়ে যায় ক্রসবারের অনেক উপর দিয়ে।
৫৭তম মিনিটে তিন পরিবর্তন আনেন বাংলাদেশ কোচও। মজিবুর রহমান জনি, জামাল ও আক্রমণভাগে নিজের ছায়া হয়ে থাকা সুমন রেজাকে তুলে শেখ মোরসালিন, মোহাম্মদ হৃদয় ও রবিউল হাসান নামান কাবরেরা। দলের খেলায় গতি কিছুটা বাড়ে।
সুবর্ণ সুযোগ নষ্ট ফাহিমের
পুরো ম্যাচে এটিই ছিল সেরা সুযোগ। ৬০তম মিনিটে হৃদয়ের লম্বা পাস ধরে গোলরক্ষককের একা পেয়ে গিয়েছিলেন ফাহিম। কিন্তু বলের প্রথম স্পর্শ একটু জোরে হওয়ায় কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তার। শেষ মুহূর্তে শট নিলেও তা সরাসরি লাগে গোলরক্ষকের গায়ে। দারুণ সুযোগ নষ্টের হতাশায় মাথায় হাত ওঠে ডাগআউটে থাকা কোচ, খেলোয়াড়দের। ৭৩তম মিনিটে ফাহিমকে তুলে রাকিব হাসানকে নামান বাংলাদেশ কোচ।
আচমকা খেই হারিয়ে গোল হজম
বল পায়ে রেখে ছোট ছোট পাসে খেলছিল বাংলাদেশ। কিন্তু ৮০তম মিনিটে আচমকাই পথ হারাল দল। তপুর বল ক্লিয়ার করতে গিয়ে শট নেন, কিন্তু বল প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে লাগার পর যায় তারিকের পায়ে, তিনি বলের নিয়ন্ত্রণ রাখতে পারেনি। দ্রুত বলের নিয়ন্ত্রণ নিয়ে নেন কারিম দারউচ। তার ছোট পাস ধরে নিখুঁত শটে জাল খুঁজে নেন হাসান মাতৌক।
৮৯তম মিনিটে বাদেরের হেড আটকে ব্যবধান দ্বিগুণ হতে দেননি জিকো। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আর পারেননি তিনি। করিম দারবিশের পাস নিয়ন্ত্রণে নেওয়া খলিলকে আটকাতে পারেননি ইসা ফয়সাল। নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি। তাতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর আশা বলতে গেলে শেষ হয়ে যায়।
এই হারে বাংলাদেশের গ্রুপ পর্ব পেরুনোর লক্ষ্যেও লাগে চোট। নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে মালদ্বীপের। আগামী রোববার বাংলাদেশ সময় চারটায় মাঠে গড়াবে ম্যাচটি। ম্যাচটি এখন জামাল-জিকোদের জন্য হয়ে গেল ‘বাঁচা-মরার’ লড়াই।
গ্রুপের আরেক ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে মালদ্বীপ। ষষ্ঠ মিনিটে পেনাল্টি গোলে হামজা মোহামেদ দলটিকে এগিয়ে নেওয়ার পর ৯০তম মিনিটে ব্যবধান বাড়ান নাইজ হোসেন।