আসিফ-মিরাজুলদের সাফল্যে অনুপ্রাণিত জামাল-হৃদয়রা
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় জাতীয় দলকেও ভুটান সফরে অনুপ্রাণিত করবে বলে বলে করেন বাংলাদেশ অধিনায়ক।
নেপালকে স্রেফ উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। মিরাজুল, আসিফ, নোভা, রাব্বীদের দুর্দান্ত পারফরম্যান্সের সিঁড়ি বেয়ে আসা সাফল্যে ভুটান সফরে ভালো কিছু করার অনুপ্রেরণা পাচ্ছেন জাতীয় দলের খেলোয়াড়রারও।
ভুটানে গিয়ে তাদের বিপক্ষে আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে বুধবার বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রস্তুতি নিয়েছেন জামাল-হৃদয়রা। এদিনই ললিতপুরের আনফা কমপ্লেক্সে নেপালকে ৪-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ।
চোখধাঁধানো ফ্রি কিকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করা গোলটিও আসে মিরাজুল ইসলামের হেড থেকে। এরপর রাব্বী হোসেন রাহুল ও পিয়াস আহমেদ নোভার লক্ষ্যভেদে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। মিরাজুলের ফ্রি কিকের গোল দেখে হোটেল রুমে লাফিয়ে ওঠার কথা বললেন জাতীয় দলের মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়।
কদিন আগেই ক্রিকেটে টেস্টে পাকিস্তানকে প্রথমবারের মতো হারিয়েছে বাংলাদেশ। ফুটবলেও এলো সাফল্যে। ভুটানে তাই ভালো ফল করতে এখন আরও বেশি অনুপ্রেরণিত থাকার কথা জানালেন হৃদয়।
“(সাফ অনূর্ধ্ব-২০ জয়) দেশের জন্য বড় পাওয়া বলে মনে করি। দলের সবাইকে আমি অভিনন্দন জানাই। আসলে অনুশীলনে আসার আগেও আমরা বলাবলি করছিলাম, ক্রিকেটে সাফল্য এসেছে, ফুটবলেও এসেছে। আমাদের সামনে দুইটা ম্যাচ আছে। আমাদের যে লক্ষ্য, সে অনুযায়ী খেলতে পারলে অবশ্যই ভালো একটা ফল আসবে।”
অধিনায়ক জামাল ভূঁইয়ার কণ্ঠেও একই সুর। বয়সভিত্তিক পর্যায়ের অর্জনকে কোনো গণ্ডিতে বেঁধে রাখতে চান না এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
“আমি মনে করি, জাতীয় দল (ওদের সাফল্যে) সবসময় অনুপ্রাণিত থাকবে। অনূর্ধ্ব-১৮, ১৯, ২০ যখনই ওরা ট্রফি পায়, তখন সেটা পুরো দেশের জন্য অনুপ্রেরণা, সেটা শুধু আমাদের জন্য নয়, সবার জন্যই সেটা অনুপ্রেরণার।”
তিন মাস বিরতির পর মাঠে ফিরতে পেরে খুশি জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। মাঝের সময়ে ফিটনেস ধরে রাখার জন্য খেলোয়াড়দের যে নির্দেশনা দিয়েছিলেন, সে অনুযায়ী সবাই কাজ করায় আরও বেশি খুশি তিনি।
“প্রায় তিন মাস পর মাঠে ফিরতে পেরে ভালো লাগছে। আমরা ফিটনেস টেস্ট করেছি। ছেলেরা প্রমাণ করেছে, এখানে আসার আগে আমরা ঘরে বসে তাদের যে ট্রেনিং প্রোগ্রাম দিয়েছিলাম, তারা সেটা অনুসরণ করেছে। খুবই ইতিবাচক। ট্রেনিং সেশনও ভালো হয়েছে।”
