খেলা দেখে পিএসজিকে চিনতে পারেননি কোচ
ক্রিস্তফ গালতিয়ে মনে করেন, জয় লঁসেরই প্রাপ্য ছিল।
সুযোগ ছিল লিগ ওয়ানের শীর্ষস্থানে অবস্থান আরও মজবুত করার। কিন্তু লঁসের কাছে হেরে শিরোপা লড়াইয়ে থাকা দুই দলের মধ্যে ব্যবধান গেছে কমে। নতুন বছরের প্রথম দিনের খেলা দেখে নিজের দলকে চিনতে পারেননি ক্রিস্তফ গালতিয়ে। পিএসজি কোচ মনে করেন, যোগ্য দল হিসেবেই তাদের বিপক্ষে জিতেছে লঁস।
ফ্রান্সের শীর্ষ লিগে গত রোববারের ম্যাচে ৩-১ গোলে হেরেছে পিএসজি। চলতি মৌসুমে লিগে শিরোপাধারীদের এটাই প্রথম হার।
জয় না পেলেও ১৭ রাউন্ড শেষে ৪৪ পয়েন্ট নিয়ে সবার ওপরেই আছে গালতিয়ের দল। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লঁস।
বিশ্বকাপের পর এখনও পিএসজির হয়ে মাঠে ফেরেননি মেসি। আগের ম্যাচে দুই হলুদ কার্ড দেখে নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে ছিলেন না নেইমার। ফরাসি তারকা কিলিয়ান এমবাপে খেলেছেন, তবে খুব একটা কার্যকর হতে পারেননি তিনি।
মেসি-নেইমার না থাকায় ম্যাচটি জিততে পারেনি পিএসজি, তা অবশ্য মানতে নারাজ গালতিয়ে। ফরাসি কোচ মনে করেন, দল হিসেবে জেতার মতো যথেষ্ট ভালো খেলতে পারেননি তারা।
“লঁসের জয় প্রাপ্য ছিল। খেলা দেখে আমি পিএসজিতে চিনতে পারিনি। কিলিয়ান (এমবাপে) কঠোর পরিশ্রম করেছে। সে খুব ভালো মানসিকতা দেখিয়েছে। আজ লিও (মেসি) ও নেই (নেইমার) ছিল না, তবে এটি কোনো অজুহাত নয়।”
পিএসজিকে হারিয়ে লিগে শিরোপা লড়াই জমিয়ে তুলেছে লঁস। এই মৌসুমে কেবল একটি ম্যাচে হেরেছে তারা। এমবাপে-হাকিমিদের হারিয়ে দলটির কোচ ফঁক হেইসের কণ্ঠে ফুটে উঠল প্রবল আত্নবিশ্বাসের সুর।
“চার পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থাকতে পারে আমরা খুশি। এই জয় প্রমাণ করে যে আমরা এই চ্যাম্পিয়নশিপে যে কাউকেই হারাতে পারি।”
