২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আয়াক্সের ফুটবলার দলে টানা ক্লাবের সিদ্ধান্ত’

নিজের সাবেক ক্লাবের খেলোয়াড় দলে টানার ব‍্যাখ‍্যা দিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2024, 04:01 PM

Updated : 26 Aug 2026, 10:16 AM

এরিক টেন হাগ কোচ হয়ে আসার পর তার সাবেক ক্লাব আয়াক্সের বেশ কয়েকজন খেলোয়াড়কে দলে টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাই এনিয়ে উঠছে নানা প্রশ্ন। তবে সেসব উড়িয়ে দিয়ে ডাচ কোচ বলেছেন, ফুটবলার দলে টানার সিদ্ধান্ত ক্লাবের, তার একার নয়।

দলের রক্ষণভাগের শক্তি বাড়াতে নতুন মৌসুম শুরুর আগে বায়ার্ন মিউনিখ থেকে দুই ডিফেন্ডার মাটাইস ডি লিখট ও নুসেইর মাজরাউয়িকে কিনেছে ইউনাইটেড। এই দুইজনই আয়াক্সের সাবেক খেলোয়াড়।

এছাড়া লিসান্দ্রো মার্তিনেস, আন্তোনি, আন্দ্রে ওনানা আছেন ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটিতে। তারাও আয়াক্সের সাবেক খেলোয়াড় এবং টেন হাগের সময়ই তাদের সঙ্গে চুক্তি করেছে ইউনাইটেড।

আয়াক্সে পাঁচ মৌসুম কোচের দায়িত্ব পালন করেন টেন হাগ। ডি লিখট, ওনানাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার। ডাচ ক্লাব থেকেই ২০২২ সালে ইউনাইটেডের যোগ দেন তিনি। 

কোনো ক্লাবের জন্য খেলোয়াড় কেনার ক্ষেত্রে কোচের সবচেয়ে বড় ভূমিকা থাকে। ইউনাইটেডেও স্বাভাবিকভাবে টেন হাগ রাখছেন প্রভাব। সেটা অস্বীকার অবশ্য করেননি তিনি। তবে পরিষ্কার করে বলেছেন, নির্দিষ্ট করে কাউকে দলে নিতে ক্লাবকে জোর করেননি তিনি।

“প্রথমত এটা ক্লাবের সিদ্ধান্ত, এগুলোর কোনোটিই আমার একার সিদ্ধান্ত নয়। স্কাউটিং, রিক্রুটমেন্ট, টেকনিক্যাল ডিরেক্টর, স্পোর্টিং ডিরেক্টরের মাধ্যমে সবসময়ই এসব কাজ পরিচালিত হয়।”

“এটি এমন একটি সিদ্ধান্ত যা কেবল একজন নয়, অনেকের সিদ্ধান্ত… একজন খেলোয়াড় কেনার ক্ষেত্রে আর্থিক দিকটিও মিলতে হয়।”

গত মৌসুমে চোট সমস্যা বেশ ভুগিয়েছে ইউনাইটেডকে। এবারও চোটের কারণে একের পর এক খেলোয়াড় হারাচ্ছে দলটি। তাদেরই একজন লুক শ। অভিজ্ঞ এই ইংলিশ ফুল-ব্যাক অনুশীলনের সময় পেশিতে চোট পেয়েছেন।

তাকে নিয়ে কোনো ধরনের তাড়াহুড়া করতে নারাজ টেন হাগ। দ্রুতই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে শকে ফিরে পাওয়ার আশা করছেন তিনি।