নতুন রেকর্ড গড়ে উচ্ছ্বসিত রোনালদো
যত তাড়াতাড়ি সম্ভব পর্তুগালের বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে উন্মুখ এই মহাতারকা।
রেকর্ড স্পর্শ করেছিলেন মাস খানেক আগেই। একই দলের বিপক্ষে এবার জোড়া গোল করার পথে নতুন উচ্চতায় উঠেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়ে খুবই গর্বিত অনুভব করছেন পর্তুগাল অধিনায়ক।
লিসবনে মঙ্গলবার রাতে হাঙ্গেরির বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই দুটি গোল করে পর্তুগালকে এগিয়ে নেন রোনালদো। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল খেয়ে শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ ড্র করে স্বাগতিকরা।
গত মাসে হাঙ্গেরির বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ে একটি গোল করে বিশ্বকাপ বাছাইয়ে আগের সর্বোচ্চ গোলদাতা কার্লোস রুইসের (৩৯) পাশে বসেছিলেন রোনালদো। ফিরতি দেখায় প্রথম গোলে গুয়াতেমালার সাবেক স্ট্রাইকারকে ছাড়িয়ে নতুন চূড়া স্পর্শ করেন পর্তুগিজ ফরোয়ার্ড। দ্বিতীয় গোলে সেই রেকর্ড আরও সমৃদ্ধ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার (৪১)।
আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড স্কোরার রোনালদোর মোট গোল এখন ১৪৩টি। ৪০ বছর বয়সী তারকার ক্যারিয়ার গোল হয়ে গেছে ৯৪৮টি। বুট জোড়া তুলে রাখার আগে হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যের কথা আগেই বলেছেন তিনি।
হাঙ্গেরির বিপক্ষে জিতলে পর্তুগালের ২০২৬ বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যেত দুই ম্যাচ হাতে রেখে। ড্র করে অপেক্ষা বেড়েছে তাদের। যত তাড়াতাড়ি সম্ভব বিশ্বকাপের মূলপর্বে জায়গা পাকা করতে উন্মুখ রোনালদো। বুধবার সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে নিজের রেকর্ড নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
“এটা কোনো গোপন বিষয় নয় যে, জাতীয় দলের প্রতিনিধিত্ব করা আমার কাছে অনেক কিছু, আর সে কারণেই পর্তুগালের হয়ে এই অনন্য মাইলফলক ছুঁতে পেরে খুবই গর্বিত আমি। আমাকে এখানে পৌঁছাতে যারা সাহায্য করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য নভেম্বরে দেখা হবে।”
আগামী মাসে প্রথমে রিপাবলিক অব আয়ারল্যান্ডের মাঠে খেলবে পর্তুগাল। বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে তারা ঘরের মাঠে আর্মেনিয়ার বিপক্ষে।
চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল। ৫ পয়েন্ট নিয়ে হাঙ্গেরি আছে দুই নম্বরে। ৪ পয়েন্ট নিয়ে রিপাবলিক অব আয়ারল্যান্ড তিনে ও ৩ পয়েন্ট নিয়ে আর্মেনিয়া চারে আছে।
গ্রুপের শীর্ষ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। রানার্সআপকে খেলতে হবে প্লে-অফ।
