ইন্টার ছেড়ে ম্যানইউতে যাচ্ছেন ওনানা, খবর বিবিসির
যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে ২৭ বছর বয়সী গোলরক্ষককে পাওয়ার ব্যাপারে আশাবাদী ম্যানচেস্টার ইউনাইটেড।
দাভিদ দে হেয়ার জায়গায় ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক হয়ে আসছেন আন্দ্রে ওনানা। এ নিয়ে ইন্টার মিলানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইংলিশ ক্লাবটি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাড়ে পাঁচ কোটি ইউরো ট্রান্সফার ফিতে ওনানাকে ছাড়তে রাজি ইন্টার। সঙ্গে বিভিন্ন বোনাস মিলিয়ে আরও ৫০ লাখ ইউরো বাড়তে পারে।
ইউনাইটেডের আশা, প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে তাদের যুক্তরাষ্ট্র সফরে দলের সঙ্গে যোগ দিতে পারবেন ২৭ বছর বয়সী ক্যামেরুনের গোলরক্ষক। অবশ্য তার ভিসা পাওয়ার বিষয়টিও এর মধ্যে নিশ্চিত করতে হবে ইউনাইটেডকে।
এর আগে আয়াক্সে ওনানার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে ইউনাইটেডের বর্তমান কোচ এরিক টেন হাগের। গত মৌসুম শেষে অভিজ্ঞ স্প্যানিশ গোলরক্ষক দে হেয়া ইউনাইটেডের সঙ্গে নতুন চুক্তি করতে রাজি না হওয়ার পরই তিনি নজর দেন ওনানার দিকে।
এর আগে ডাচ ক্লাব আয়াক্সে সাড়ে সাত বছর কাটিয়ে ২০২২ সালের জুলাইয়ে ইন্টারে যোগ দেন ওনানা।
ইতালির দলটিতে অভিষেক মৌসুমে দারুণ করেছেন ক্যামেরুনের এই গোলরক্ষক। সেরি আয় দল তৃতীয় হওয়ার পথে ২৪ ম্যাচে জাল অক্ষত রাখেন তিনি। আর চ্যাম্পিয়ন্স লিগে গোল হজম করেননি আট ম্যাচে, ইউরোপ সেরা প্রতিযোগিতাটির ইতিহাসে যা রেকর্ড।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে হেরে যায় ইন্টার।
এবারের দলবদলে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দিতে যাচ্ছেন ওনানা। এর আগে চেলসি থেকে ইংলিশ মিডফিল্ডার ম্যাসন মাউন্টকে দলে টেনেছে ইউনাইটেড।
