দক্ষিণ আফ্রিকার শাস্তি নিয়ে ফিফার রহস্যময় নীরবতা
ঘটনার পর পাঁচ মাস পেরিয়ে গেলেও কোনো সিদ্ধান্ত জানায়নি বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা।
বিশ্বকাপ বাছাইয়ে নিষিদ্ধ খেলোয়াড় খেলানো দক্ষিণ আফ্রিকার পয়েন্ট কাটা নিয়ে ফিফার বিস্ময়কর মন্থরতায় তৈরি হয়েছে ধোঁয়াশা। দলগুলোর মধ্যে জাগছে সংশয়।
ঘটনাটি গত মার্চের। ঘরের মাঠে লেসোথোর বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ে ম্যাচে ভুলবশত তেবেহো মোকোয়েনাকে খেলায় দক্ষিণ আফ্রিকা। ‘সি’ গ্রুপে আগের দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় ওই ম্যাচে নিষিদ্ধ ছিলেন এই মিডফিল্ডার।
পরে নিজেদের ভুলের কথা জানতে পেরে খুবই বিব্রত হয় দক্ষিণ আফ্রিকা। তবে দেশটি দাবি করে, যেহেতু প্রতিপক্ষ আপত্তি জানায়নি, তাদের তিন পয়েন্ট কাটা যাবে না। চলতি সপ্তাহে এই প্রসঙ্গে প্রশ্নের মুখোমুখি হয়ে আগের অবস্থানেই থাকার কথা বললেন দক্ষিণ আফ্রিকা কোচ হুগো ব্রুশ।
“আমরা বাজে কাজ করেছি। এমন কিছু করেছি, যা আমাদের করার কথা নয়। তবে এ নিয়ে কোনো অভিযোগ ছিল না।”
কিন্তু এমন ক্ষেত্রে ফিফার শাস্তি দেওয়ার অতীত উদাহরণ রয়েছে। নিয়মে বলা হয়েছে, যদি ফিফার একই প্রতিযোগিতায় কেউ পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখেন তো পরের ম্যাচে তিনি স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ থাকবেন। যদি কোনো দল যোগ্য নয় (নিষেধাজ্ঞার কারণে, নিবন্ধন জটিলতা, জাতীয়তা ইত্যাদি) এমন খেলোয়াড় খেলায়, তাহলে ম্যাচ স্বয়ংক্রিয় ভাবে বাতিল হবে। অথবা ম্যাচটিতে ওই দল ৩-০ ব্যবধানে পরাজিত বলে বিবেচিত হবে, যদি ফল তাদের জন্য আরও বাজে না হয়।”
ফিফার সিদ্ধান্ত জানার জন্য উন্মুখ হয়ে অপেক্ষায় গ্রুপের অন্য দলগুলো। আপাতত দুই নম্বরে থাকা বেনিন কোচ গের্নট রোয়া হতাশ, গ্রুপের সত্যিকারের অবস্থা এখনও স্পষ্ট না হওয়ায়।
“এই সপ্তাহের ম্যাচের আগে আমরা পয়েন্ট তালিকার কী অবস্থা জানতে পারছি না, এটা স্বাভাবিক নয়। এটা খুব, খুব বিস্ময়কর। সাধারণভাবে, দক্ষিণ আফ্রিকার তিন পয়েন্ট হারানো উচিত আর সেটা লেসেথোর পাওয়া উচিত। কিন্তু কেউ জানে না, কেন তারা (ফিফা) এই সিদ্ধান্ত নেয়নি।”
সেই ম্যাচের পর বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থার ব্যাখ্যা চেয়ে অনেকবার যোগাযোগ করেও সাড়া পায়নি রয়টার্স। নিষিদ্ধ খেলোয়াড় খেলালে কী হয়, সেটা খুব ভালো করে জানা আছে রোয়ার। ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে তিনি ছিলেন নাইজেরিয়ার কোচ। সে সময় আলজেরিয়ার বিপক্ষে ১-১ ড্র ম্যাচে নিষেধাজ্ঞা পাওয়া সেহু আব্দুল্লাহিকে খেলানোয় পয়েন্ট হারিয়েছিল নাইজেরিয়া। সেই প্রসঙ্গ সামনে আনলেন রোয়া।
“আমরা জানতাম না যে, সে নিষিদ্ধ। শৃঙ্খলা কমিটিতে আমরা পয়েন্ট হারালাম।”
বিতর্কিত ওই জয়সহ ১৩ পয়েন্ট নিয়ে চূড়ায় দক্ষিণ আফ্রিকা। রুয়ান্ডা ও বেনিনের চেয়ে তারা ৫ পয়েন্ট এবং নাইজেরিয়ার চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে। লেসেথোর পয়েন্ট ৬, জিম্বাবুয়ে ৪ পয়েন্ট নিয়ে আছে তলানিতে।
আগামী মঙ্গলবার ব্লুমফন্টেইনে নাইজেরিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
লেসেথো ম্যাচের পয়েন্ট হারালে রুয়ান্ডা, বেনিনের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ব্যবধান নেমে আসবে দু্ইয়ে। বাছাইয়ে চার ম্যাচ বাকি থাকা অবস্থায় দুই নম্বরে উঠে আসবে লেসেথো।
এই পরিস্থিতিতে দলগুলো পরিষ্কার বার্তার জন্য ফিফার দিকে তাকিয়ে। নিজেদের ওয়েবসাইটে নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন লিখেছে, “সারা পৃথিবী ফিফার সিদ্ধান্তের অপেক্ষায়।” রোয়া বলেছেন, “ফিফার এখন দ্রুত তাদের সিদ্ধান্ত জানানো উচিত।”
গ্রুপের সেরা দল ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেবে।
