সেমি-ফাইনালের আগে ‘জ্বরে আক্রান্ত’ সাবিনা
জ্বরে ভুগছিলেন ডিফেন্ডার আফিদা খাতুনও, তবে সেরে উঠে অনুশীলনে ফিরেছেন তিনি।
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালের আগের দিন বড় এক দুর্ভাবনা ভর করেছে বাংলাদেশ শিবিরে। অসুস্থ হয়ে দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি অধিনায়ক সাবিনা খাতুন।
নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে রোববার প্রথম সেমি-ফাইনালে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
ম্যাচের আগের দিনের অনুশীলনে ছিলেন না সাবিনা। পরে দলীয় একটি সূত্র থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারে, জ্বরে ভুগছেন সাবিনা।
এর আগে জ্বরে আক্রান্ত হয়েছিলেন ডিফেন্ডার আফিদা খাতুন। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৩-১ ব্যবধানে জয়ের পথে চমৎকার গোলে তিনিই দলকে এগিয়ে নিয়েছিলেন। সেরে উঠে শনিবার দলের সঙ্গেই অনুশীলন করেছেন তিনি।
দুই বছর আগে এ মাঠেই সেরা চারের ম্যাচে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছিল দল। পরে নেপালকে ফাইনালে হারিয়ে হয়েছিল অপরাজিত চ্যাম্পিয়ন।
