হলান্ড-ইয়োকেরেসের প্রতি আগ্রহের গুঞ্জন উড়িয়ে দিল বার্সা
কাতালান ক্লাবটির ক্রীড়া পরিচালক দেকো বললেন, রবের্ত লেভানদোভস্কিকে নিয়েই খুশি আছেন তারা।
আসছে দলবদলে ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড ও স্পোর্তিং লিসবনের ভিক্তর ইয়োকেরেসকে নেওয়ার চেষ্টা করবে বার্সেলোনা, শোনা যাচ্ছে এমন গুঞ্জন। চলমান এসব উড়ো খবর স্রেফ উড়িয়ে দিয়েছেন কাতালান ক্লাবটির ক্রীড়া পরিচালক দেকো। ৩৬ বছর বয়সী স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কিকে নিয়ে খুশি থাকার কথা উল্লেখ করে তিনি বলেছেন, সামনের দলবদলে বড় মাপের কোনো খেলোয়াড় কেনার পরিকল্পনা নেই তাদের।
হান্সি ফ্লিকের কোচিংয়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে বার্সেলোনা। ১৩ ম্যাচের ১১টি জিতে লা লিগায় সবার ওপরে দলটি। চ্যাম্পিয়ন্স লিগেও সময়টা ভালো কাটছে তাদের। ৪ ম্যাচের তিনটি জিতে পয়েন্ট টেবিলে আছে ষষ্ঠ স্থানে।
দলের পারফরম্যান্সে খুশি ক্লাব কর্তারা, দেকোর কথায় তা স্পষ্ট। স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোকে তিনি বললেন, দলের খেলোয়াড়দের নিয়ে সন্তুষ্ট তারা। নতুন স্ট্রাইকার দলে নেওয়ার কথা একদমই ভাবছে না ক্লাব।
“প্রথমে আমাদের বুঝতে হবে, ভবিষ্যতের জন্য আমরা যেমন খেলোয়াড় চাই, হলান্ড তেমন কি-না। সেটা আমরা এখন জানি না। এই মুহূর্তে আমাদের নাম্বার ‘নাইন’ প্রয়োজন নেই। আমাদের রবের্ত (লেভানদোভস্কি) আছে। নাম্বার ‘নাইন’ নিয়ে কোনো পরিকল্পনা করছি না। এটা অগ্রাধিকার নয়, কারণ আমাদের এই মৌসুমে মনোযোগ দিতে হবে।”
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন লেভানদোভস্কি। লা লিগায় ১৩ ম্যাচে ১৪ গোল করেছেন তিনি। আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন পোলিশ তারকা শীর্ষে। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে ১৯ গোল তার।
২০২৬ সালের জুন পর্যন্ত লেভানদোভস্কির সঙ্গে চুক্তি রয়েছে বার্সেলোনার। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও রয়েছে। দেকোর মতে, লেভানদোভস্কির মতো স্ট্রাইকার এখন পাওয়া দুস্কর। তাই তার দিকেই পূর্ণ মনোযোগ দিতে চায় বার্সেলোনা।
“আমার মনে হয়, এখন রবের্তর (লেভানদোভস্কি) মতো স্ট্রাইকার খুঁজে পাওয়া খুব কঠিন। ওই মানের একজন কিংবা দুজন আছে। হতে পারে হলান্ড বা অন্য কেউ। ওই মানের খুব বেশি খেলোয়াড় পাওয়া যাবে না। তবে আমরা এখন কোনো স্ট্রাইকার খুঁজছি না, কারণ প্রথমে রবের্ত কী করতে পারে সেটার দিকে মনোযোগ দিচ্ছি।”
“আমি নিশ্চিত, সে এখানে খুশি। সে একজন বিজয়ী। আমাদের যদি ভালো মৌসুম কাটে, আমার মনে হয় সে থাকতে চাইবে। আমরাও চাই, রবের্ত খুশি থাকুক, গোল করুক এবং অন্তত আরও এক মৌসুম এখানে থাকুক।”
