‘লিগ টেবিলে আরও উপরে থাকা উচিত চেলসির’
দলটির কোচ মাওরিসিও পচেত্তিনো মনে করছেন, পারফরম্যান্স অনুযায়ী ফল পাচ্ছেন না তারা।
চলতি মৌসুমে ধারাবাহিকতা দেখাতে পারছে না চেলসি। তবে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট দলটির কোচ মাওরিসিও পচেত্তিনো। তার মতে, পারফরম্যান্স অনুযায়ী ফল পাচ্ছে না স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি। পচেত্তিনো মনে করছেন, লিগ টেবিলে আরও উপরে থাকা উচিত তাদের।
ধারাবাহিকতা খুঁজে ফেরা চেলসি এখন প্রিমিয়ার লিগে আছে একাদশ স্থানে। ২৭ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট ৩৯। চতুর্থ স্থানে থাকা অ্যাস্টন ভিলা থেকে ১৭ পয়েন্ট পিছিয়ে তারা।
এবারের মৌসুমে চেলসির গোল পার্থক্যের অবস্থা বেশ নাজুক। এখন পর্যন্ত ৪৭ গোল করা দলটি গোল হজম করেছে ৪৫টি, পার্থক্য কেবল +২। পরের ম্যাচগুলোতে ধারাবাহিক পারফরম্যান্স উপহার দিলেও ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা করে নিতে তাদের সামনে বাধা হতে পারে গোল ঘাটতি।
তবে ক্রীড়ার তথ্য-উপাত্ত নিয়ে কাজ করা অপ্টা বলছে, চেলসি যেমন খেলছে তাতে গোল পার্থক্য অনুযায়ী আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের পরেই থাকার কথা ছিল তাদের।
পচেত্তিনোও মনে করছেন, পারফরম্যান্স অনুযায়ী আরও ভালো অবস্থানে থাকা উচিত তাদের।
“খুব ভালো করেই জানি, আমরা কী করছি। তাই হাসছি। সমর্থকরা যখন সমালোচনা করে এটাকে আমি ব্যক্তিগতভাবে নেই না। পরিসংখ্যান দেখলে বোঝা যায় টেবিলে আমাদের চতুর্থ স্থানে থাকা উচিত।”
“কিন্তু বিভিন্ন কারণে আমরা সেই অবস্থানে নেই। পরিসংখ্যান বলছে, আমরা ঠিক পথে আছি। কোন জায়গায় আমাদের উন্নতি করতে হবে? এগুলো এমন বিষয় যা সময়ের সঙ্গে জানা যাবে। খুঁটিনাটি বিষয়ে আমাদের আরও ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।”
লিগে চেলসির পরের ম্যাচ শনিবার ১৯তম স্থানে থাকা বার্নলির বিপক্ষে।
